সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের চায়ের দোকানে ফেলে যাওয়া দু› মাসের শিশু সন্তানটিকে বিশেষ পরিচর্যার জন্য জন্য চাইল্ড লাইনের মাধ্যমে রানাঘাটে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তুলে দেওয়া হল। সোমবার দুপুরে নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালের থেকে পুলিস এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে চাইল্ড লাইনের মাধ্যমে বিশেষ অ্যাম্বুলেন্সে এদিন শিশুটিকে রানাঘাটে পাঠানো হয়।
Advertisement
উল্লেখ্য গত ১৯ নভেম্বর নবদ্বীপ রানির ঘাটে একটি চায়ের দোকানে দু’মাসের ওই শিশুটিকে রেখে যায় অপরিচিত এক দম্পতি। দীর্ঘসময় ওই পুত্র সন্তানটিকে নিয়ে বসে থাকেন ওই চায়ের দোকানের মালিকের স্ত্রী। রাত হয়ে গেলেও কেউ নিতে আসেনি শিশুটিকে। এরপর ওই রাতেই পুলিসের সহযোগিতায় শিশুটিকে নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬ দিন ওই শিশুটি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শিশু বিভাগেই ছিল। ওই শিশুটিকে দেখভাল করছিলেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য বাচ্চার মায়েরা। নবদ্বীপ হাসপাতালে সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, এই শিশুটি ৬ দিন আমাদের হাসপাতালে শিশু বিভাগে ছিল। তাকে দেখভাল করছিল হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে হাসপাতালে নার্স এবং অন্যান্য কর্মীরা। এদিন ওই শিশুটিকে চাইল্ড লাইনের হাতে হাসপাতালকে তুলে দেওয়ার জন্য বলা হয়েছিল।সেই মতো হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স মেডিকেল টিম এবং পুলিস পাহারায় শিশুটিকে রানাঘাটে পাঠানো হয়েছে।



