Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলিয়ায় ভেজাল ঘি ধরতে অভিযান

ফুলিয়ায় ভেজাল ঘি ধরতে অভিযান
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ভেজাল ঘি তৈরি হচ্ছে আড়ালে আবডালে। খবর পেয়ে ফুলিয়ার একাধিক বাড়িতে হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। বুধবার ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে নিয়ে ফুলিয়ার বয়রায় অভিযান চালান গোয়েন্দারা। একাধিক ঘি প্রস্তুতকারক কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে, বেশ কিছু জায়গায় ঘি তৈরিতে ভেজাল ব্যবহার হতো বলে তথ্য প্রমাণ পেয়েছেন কর্তারা।
Advertisement
বুধবার রানাঘাট পুলিস জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি লক্ষ্মীনারায়ণ দে-র নেতৃত্বে ফুলিয়ায় অভিযান চলায় ইবি এবং ফুড সেফটি কর্তারা। ফুলিয়ার বয়রার ঘি তৈরির কারখানা রয়েছে। এছাড়াও ওই এলাকার আরও একাধিক বাড়িতেই তৈরি হয় ভোজ্য ঘি। সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর আসে, ভোজ্য ঘিয়ে দেদার ভেজাল মেশানো হচ্ছে। সেই খবর পেয়ে এদিন হানা দেন গোয়েন্দারা। যদিও অভিযানের খবর পেয়ে আগেভাগেই মজুত করা ঘি সরিয়ে দেয় প্রস্তুতকারকরা। হাতেনাতে প্রমাণ না মিললেও, কারখানায় জিনিস দেখে অনুমান ভেজাল মিশিয়ে ঘি তৈরি হয়। বেশ কয়েকটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি কলকাতায় সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিস। বিষয়টি নিয়ে ডিএসপি বলেন, আমরা অভিযান চালিয়েছি। ফুড সেফটি আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছেন। আমাদের মনে হয়েছে ঘিয়ে ভেজাল মেশানো হচ্ছিল। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে। ভোজ্য ঘিতে ভেজাল মেশানো রুখতে মাঝেমধ্যেই অভিযান চালাবে পুলিস।
সম্পর্কিত সংবাদ