Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুল বদলের ডাক রবির

ফুল বদলের ডাক রবির
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: ‘অনেক হয়েছে পদ্মের চাষ, এবার ঘাসফুলে মন দিন’, সিতাই উপ নির্বাচনের আগে ভোটের নিরিখে পিছিয়ে থাকা এলাকার জন্য এমনই আহ্বান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের।
Advertisement
এবারে লোকসভা নির্বাচনে সিতাই বিধানসভায় ২৮ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ভেটাগুড়ি, গোসানিমারি, মাতালহাট সহ একাধিক এলাকায় পিছিয়ে ছিল রাজ্যের শাসকদল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই এলাকার মানুষ বিজেপিমুখী। ঢেলে ভোট পড়ে বিজেপির বাক্সে। 
যদিও লোকসভা ভোটের পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের অনেকে তৃণমূলে নাম লেখান। তবুও শাসকদলের দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে এই এলাকা। পিছিয়ে পড়া এলাকায় লিড পেতে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। জোর প্রচার চলছে। স্থানীয় মানুষদের পদ্মের পরিবর্তে তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান করছে শীর্ষ নেতৃত্ব। ভেটাগুড়ি সহ মাতাল হাটে প্রচারে গিয়ে পদ্মের পরিবর্তে ঘাসফুল চাষেরই আহ্বান করেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর কথায়, পদ্মচাষে এলাকারই ক্ষতি হয়েছে। তাই ফসল পরিবর্তন করুন। চাষিরা যেমন পাট চাষে ক্ষতিগ্রস্ত হয়ে ভুট্টা চাষ করছে কোচবিহারে। 
যদিও তৃণমূল নেতাদের এই আহ্বানকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী দীপককুমার রায় বলেন, মানুষের মন যা চায় তাই, তাঁরা সেটাই চাষ (সেই দলকে সমর্থন) করবেন। 
সিতাই বিধানসভার ১৭টি গ্রাম পঞ্চায়েতেই কৃষি প্রধান এলাকা। একসময় এই এলাকাগুলিতেও পাট চাষ হতো রমরমিয়ে। ইদানিং আলু, ভুট্টার দিকে ঝুঁকেছেন চাষিরা। লাভের আশায় ফসল পরিবর্তন করার মত ভোট দেওয়ার পরিবর্তন করারও দাবি করছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অনেকবার আপনারা পদ্ম চিহ্নে ভোট দিয়েছেন। কিন্তু আপনাদের তাতে কোনও লাভ হয়নি। এলাকার উন্নয়নের জন্য এবারে ঘাসফুল চিহ্নে ভোট দিন। পদ্মের চাষ অনেক করেছেন। চাষিরা চাষে লোকসান হলে অন্য ফসল চাষ করে। পাট চাষে লোকসান হয়ে যেমন ভুট্টার দিকে ঝুঁকেছেন চাষিরা। এবারে পদ্মফুলের পরিবর্তে ঘাসফুলের দিকে ঝুঁকুন। 
সিতাই উপ নির্বাচনে বিজেপি প্রার্থী কটাক্ষ করে বলেন, ঘাসফুলের চেয়ে পদ্মফুলেই চাষে লক্ষ্মী লাভ বেশি। সাধারণ মানুষ তা জানেন। তাই যাঁরা পদ্ম চাষ করেছেন, তাঁরা আর অন্যত্র যাবেন না।
সম্পর্কিত সংবাদ