সংবাদদাতা, ইটাহার: প্রাক্তন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে ভর্তি কলকাতার একটি নার্সিংহোমে। বাড়ি পুরো ফাঁকা ছিল। ১০ দিন বাদে শনিবার সকালে ইটাহারের হাটগাছির বাড়িতে ফিরে এসে সদর দরজা খুলতেই চক্ষু চড়কগাছ বাড়ির বড়ছেলের। বাড়ির প্রতিটা ঘর লন্ডভন্ড। আলমারি খোলা। জামা-কাপড় ছড়িয়ে ছিটিয়ে। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে। বাড়ির মালিক আনন্দমোহন রায়ের ছেলে অর্পণ জানান, গত ৩ ডিসেম্বর থেকে বাবা কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বাড়ির আলমারি ভেঙে নগদ ও অলঙ্কার চুরি গিয়েছে। খবর পেয়ে হাটগাছি গ্রামে যায় পুলিস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইটাহার থানা।



