নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফাইলেরিয়া রোধে জলপাইগুড়ির ছ’টি ব্লকে বিশেষ অভিযান শুরু করল জেলা প্রশাসন। সোমবার নিজের দপ্তর থেকে ওই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক শমা পারভীন। উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। জেলাশাসক বলেন, ক্রান্তি, মাল, নাগরাকাটা, মেটেলি, বানারহাট ও ধূপগুড়ি এই ছ’টি ব্লকে ফাইলেরিয়া রোধে এদিন থেকে বিশেষ কর্মসূচি শুরু হল। ২ মার্চ পর্যন্ত চলবে। দু’বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে ফাইরেলিয়া প্রতিরোধে ওষুধ খাওয়ানো হবে। শুধুমাত্র গুরুতর অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের ওই ওষুধ দেওয়া হবে না। ফাইলেরিয়ার থাবা থেকে বাঁচতে ছ’টি ব্লকের সাড়ে ন’লক্ষ মানুষকে ওষুধ খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে বলে এদিন জানান জেলাশাসক। তিনি বলেন, গতবার আমরা ৭০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিলাম। এবার যাতে ১০০ শতাংশ টার্গেট পূরণ হয়, তার চেষ্টা হবে।
Advertisement
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বিশেষ কর্মসূচি নেওয়া ছ’টি ব্লক থেকেই ফাইলেরিয়ার রোগী পাওয়া গিয়েছে। মূলত চা বাগান এলাকার বাসিন্দাদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও ভীতি দূর করতে এদিন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরাও ফাইলেরিয়া রোধে ওষুধ খান।



