Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাইলেরিয়া নির্মূলে রাতে চারটি রক্ত পরীক্ষা শিবির

ফাইলেরিয়া নির্মূলে রাতে চারটি রক্ত পরীক্ষা শিবির
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: ফাইলেরিয়া রোগ নির্মূল করতে পুরুলিয়ার মানবাজারে রাতে রক্ত পরীক্ষা শিবির হল। মানবাজার গ্রামীণ হাসপাতালের তরফে চাঁদড়া পায়রাচালির সিমচাকা, মহিষামুড়া, বামনি-মাঝিরা অঞ্চলের কুড়মাশোল ও ডাকাকেন্দু গ্রামে এই শিবির হয়েছে।মানবাজারের বিএমওএইচ জিৎ সরকার বলেন, রাতে ফাইলেরিয়ার জীবাণু ত্বকের কাছাকাছি রক্তের মধ্যে চলে আসে। রাতে রক্তের নমুনা নেওয়া হলে শরীরে ফাইলেরিয়া জীবাণু আছে কিনা-তা সহজে ধরা পড়ে। তাই ফাইলেরিয়া রোগ নির্মূল করতে রাতে রক্ত পরীক্ষা করা হচ্ছে। কারও শরীরে ফাইলেরিয়ার জীবাণু ধরা পড়লে তাঁর সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। ব্লক স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, প্রতি বছর ফাইলেরিয়া রোগ দূরীকরণে এভাবেই রাতে ২০-ঊর্ধ্বদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যদি কারও রক্তে ফাইরেরিয়ার জীবাণু ধরা পড়ে, তাহলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। কোনও পরিবারের একজনের ফাইলেরিয়া ধরা পড়লে সেই পরিবার ও প্রতিবেশী পরিবারের লোকজনেরও রক্তের নমুনা পরীক্ষা করা হয়। মানবাজারের চারটি গ্রামে শিবির হয়েছে। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে এও জানা গিয়েছে, দুটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের অধীনে চারটি জায়গায় শিবির করা হয়েছে। চারটি জায়গার মধ্যে দু’টিতে স্থানীয়রা আগে ফাইলেরিয়ার ওষুধ সঠিকভাবে খেয়েছেন। সেগুলি হল সিমচাকা ও মহিষামুড়া গ্রাম। বাকি দু’টি গ্রামের মানুষ সেভাবে এর ওষুধ খাননি। ফলে এই শিবিরে বোঝা যাবে, সঠিকভাবে ওষুধ খেলেও কারও শরীরে ফাইলেরিয়ার জীবাণু আছে কিনা। ফলে ফাইলেরিয়া রোগ দূরীকরণে সুবিধা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ