ফিলিপসের সেঞ্চুরি, সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে হারাল নিউজিল্যান্ড
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১১:০৫
Prefer us on Google

অকল্যান্ড, ৩০ অক্টোবর: ভারতকে হারিয়ে ৮৭ রানে জয়ী হল নিউজিল্যান্ড। এর ফলে সিরিজ আপাতত ৩-১ দাঁড়াল। আজ, শুক্রবার টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড দল। এর আগে সিরিজের প্রথম ৩টি ম্যাচেই অবশ্য জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। সিরিজও পকেটে পুরে ফেলেছে। এদিন চতুর্থ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নামে কিউয়িরা। প্রথম ওভারেই ওপেনার সেইফোর্ট ৩ রানে আউট হন। ২৪ রানের মাথায় মায়াঙ্কের বলে এলবিডব্লু হন ড্যারেল মিচেল। ৩১ রানে ফিরে যান ফিন অ্যালেন। জ্যাকবস করেন মাত্র ৭ রান। দুরন্ত ব্যাট করেন ব্রেসওয়েল। তিনি ২৫ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মারেন ৬টি ছয় এবং ৪টি চার। শেষে প্রিন্সের বলে এলবিডব্লু হন। আজ জ্বলে উঠতে পারেননি অধিনায়ক স্যান্টনার (৫)। তবে ক্রিজে টিকে ছিলেন গ্লেন ফিলিপস। ৪৯ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মারেন ১০টি ছয় এবং ৬টি চার। সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড টিম। ভারতের হয়ে ৩টি উইকেট নেন মায়াঙ্ক। ১টি করে উইকেট আসে অর্শদীপ, প্রিন্স, নীতীশ এবং অক্ষরের ঝুলিতে।

Advertisement

জয়ের জন্য ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারতীয় দল। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম ওভারেই ৪ রানে সঞ্জু এবং ০ রানে আউট হন কিপার ঈশান। ২৭ রানে ফিরে যান অভিষেক শর্মা। অ্যাডামের বলে ০ রানে বোল্ড হন অধিনায়ক শ্রেয়স। ৫.৩ ওভারে দলের স্কোর তখন ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান। এরপর ৮.১ ওভারে প্যাভিলিয়নে ফিরে যান নীতীশ (২১)। ওই ওভারেই ৭ রানে আউট হন অক্ষর। এরপর ১১.২ ওভারে ২৮ রানে আউট হন নমন। পরের বলেই অর্শদীপ ০ রানে ফিরে যান। ম্যাথুর বলে সেইফোর্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিলক (৩৫)। শেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে ভারত। ৮৭ রানে জয়ী হয় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে ৪টি উইকেট নেন জ্যাকব। ২টি করে উইকেট নেন ম্যাথু এবং স্যান্টনার। ১টি উইকেট পান অ্যাডম।