বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মনীষা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আস্তানা: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ঝড় তুলে ফাইনালে পৌঁছালেন ভারতের মনীষা ভানওয়ালা। জাগালেন ইতিহাস গড়ার স্বপ্ন। বৃহস্পতিবার পর পর দু’টি লড়াইয়ে একচ্ছত্র দাপট দেখালেন হরিয়ানার রোহতকের ২৯ বছরের কুস্তিগির। শুক্রবার সোনার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন আমেরিকার আবিগেইল এলিজাবেথ নেটের।

Advertisement

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৯ কেজি বিভাগে রীতিমতো চমক দিলেন মনীষা। দিনের শুরুটা করেছিলেন মঙ্গোলিয়ার বোলোর্তুয়াকে ৬-০ পয়েন্টে হারিয়ে। সেই ছন্দ বজায় রেখে সেমি-ফাইনালেও হেলায় উড়িয়ে দিলেন কাজাখস্তানের আল্টিন শাগায়েভাকে। ভারতীয় কুস্তিগিরের আক্রমণাত্মক মেজাজের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। জয় এল ১০-০ পয়েন্টে। ফাইনালে যদি আবিগেইল এলিজাবেথকে হারিয়ে সোনা জিততে পারেন, তবে ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের গৌরব অর্জন করবেন মনীষা।