কেরলকেও দুরমুশ করল লক্ষ্মীর বাংলা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়ের হ্যাটট্রিক। রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। কেরলের গিয়ে বিষ্ণু বিনোদদের ২৮৭ রানে দুরমুশ করেছে বঙ্গ-ব্রিগেড। প্রথমে ব্যাট করে লক্ষ্মীরতন শুক্লার দলের সংগ্রহ ৩৫০। জবাবে কেরল ১৪১ রানেই গুটিয়ে যায়। ফলো-অন করানোর সুযোগ ছিল অভিমন্যু ঈশ্বরণদের কাছে। তবে ঝুঁকি না নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৯৮ রান তোলে অ্যাওয়ে দল। অর্থাৎ, জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪০৮। তা তাড়া করতে নেমে প্রদীপ্ত প্রামাণিকের দাপটে ১২০ রানেই গুটিয়ে যায় কেরল। বাংলার এই স্পিনার একাই ৬ উইকেট নেন। আর দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে ১০ উইকেট। তবে সেঞ্চুরি এবং দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেটে নিয়ে ম্যাচের নায়ক শাহবাজ আহমেদ। আর এই দাপুটে জয়ের সৌজন্যে ৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রপ সি’তে শীর্ষে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা দল।

Advertisement

ঈশ্বরণদের জয়ের দেওয়াল লিখন অবশ্য বুধবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। ৪০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ৫৩ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছিল কেরল। প্রদীপ্ত একাই চারটি উইকেট নিয়েছিলেন। চতুর্থ দিনেও রীতিমতো ভয়ংকর হয়ে ওঠেন তিনি। আরও দু’টি উইকেট নিয়ে কেরলকে ভেন্টিলেশনে পাঠিয়ে দেন। এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন শাহবাজ ও মহম্মদ সামিও। বৃহস্পতিবার মাত্র ১৮.৪ ওভার ব্যাট করে ১২০ রানে গুটিয়ে গিয়েছে হোম টিম। তাদের হয়ে সবচেয়ে বেশি রান করেন নীধেশ (৩৩)। স্পিন সহায়ক উইকেটে প্রদীপ্তর সামনে রীতিমতো তুর্কি নাচন নাচে হোম টিম। কোচ লক্ষ্মীরতন বলেন, ‘প্রদীপ্ত ও শাহবাজ দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। টানা তিন জয়ে খুশি। পরের ম্যাচগুলিতেও ছন্দ ধরে রাখতে হবে।’ 
সংক্ষিপ্ত স্কোর- বাংলা প্রথম ইনিংস ৩৫০ (শাহবাজ ১২১, অদিত্য ৪-৯৫), কেরল প্রথম ইনিংস ১৪১ (বিষ্ণু ৪১, প্রদীপ্ত ৪-৪৪), বাংলা দ্বিতীয় ইনিংস ১৯৮ (অভিমন্যু ৪৭, জলজ ৫-৭০), কেরল দ্বিতীয় ইনিংস ১২০ (নীধেশ ৩৩, প্রদীপ্ত ৬-৫১)।  ২৮৭ রানে জয়ী বাংলা  ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।