Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিএইচই’র পাইপ ফেটে বিপত্তি, জল না পেয়ে রাজ্য সড়ক অবরোধ

৩ দিন থেকে বন্ধ বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা। সৌরবিদ্যুত্ চালিত জল প্রকল্প থেকেও মিলছে না জল।

পিএইচই’র পাইপ ফেটে বিপত্তি, জল না পেয়ে রাজ্য সড়ক অবরোধ
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: ৩ দিন থেকে বন্ধ বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা। সৌরবিদ্যুত্ চালিত জল প্রকল্প থেকেও মিলছে না জল। পানীয় জল না পেয়ে বালতি, গামলা হাতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোকনা গ্রামের বাসিন্দারা। একঘণ্টা ধরে চলে বিক্ষোভ। অবরোধের জেরে রাজ্য সড়কে ভোগান্তি পড়ে মানুষ। পরে ব্লক ও পুলিস প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

Advertisement

এলাকার বাসিন্দাদের দাবি, সাব মার্সিবলের দাপটে বাড়ির নলকূপ থেকে জল উঠছে না চার মাস থেকে। ভরসা পিএইচই’র জল। কিন্তু সেই জলও মিলছে না তিনদিন ধরে। গ্রামে একটি সৌরবিদ্যুত্ চালিত জল প্রকল্প থাকলেও সেটি বিকল। কয়েকজনের বাড়ির সাবমার্সিবল থেকে জল আনতে হচ্ছে গ্রামের মানুষকে। স্থানীয় বাসিন্দা জিয়ারু সরকার জানান, পানীয় জল পাওয়ার সব মাধ্যম বন্ধ ৩ দিন থেকে। খাওয়ার জলটুকুও পাচ্ছি না আমরা। আরেক বাসিন্দা আনন্দ সরকার জানান, শুনছি পিএইচ’র পাইপ নাকি ফেটে গিয়েছে। কিন্তু এখনও মেরামত করছে না। জল না পেলে ফের রাস্তা অবরোধ করব। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য পচা সরকারের বক্তব্য, বিষয়টি প্রধান ও পিএইচই’র কর্মীকে জানিয়েছি। পিএইচই’র জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মী অনিল মণ্ডল জানান, বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলাকালীন পাইপ ফেটে বিপত্তি হয়েছে। আমরা দ্রুত সমস্যার সমাধান করব। 
পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাধবী রায় বর্মন জানান, পঞ্চায়েত থেকে আপাতত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ