Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শতাব্দী প্রাচীন ভৈরবী মন্দিরে এবার বলিপ্রথা বন্ধের আর্জি

শতাব্দী প্রাচীন ভৈররী মন্দিরে বলিকে কেন্দ্র করে চাঞ্চল্য। রায়গঞ্জ মহকুমা প্রশাসনের দ্বারস্থ পরিবেশকর্মীরা। অভিযোগ, প্রকাশ্যে বলিদান নিষিদ্ধ থাকলেও, নিয়ম মানেনি মন্দির কর্তৃপক্ষ।

শতাব্দী প্রাচীন ভৈরবী মন্দিরে এবার বলিপ্রথা বন্ধের আর্জি
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শতাব্দী প্রাচীন ভৈররী মন্দিরে বলিকে কেন্দ্র করে চাঞ্চল্য। রায়গঞ্জ মহকুমা প্রশাসনের দ্বারস্থ পরিবেশকর্মীরা। অভিযোগ, প্রকাশ্যে বলিদান নিষিদ্ধ থাকলেও, নিয়ম মানেনি মন্দির কর্তৃপক্ষ। শনিবার বলি হয়েছে বেশকিছু ছাগল, পায়রার। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রশাসন। পুলিসকে এলাকায় সজাগ থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসনের। 

Advertisement

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী বিন্দোল এলাকায় প্রায় ৫০০ বছরের পুরনো এই ভৈরবী মন্দির। মজে যাওয়া কাঞ্চন নদীর ধারে এই মন্দিরে বিগত বহু বছরের মতো এদিন রাখি পূর্ণিমা তিথিতে বিশেষভাবে ভৈরবী মায়ের বার্ষিক পুজো হয়। পুজোকে কেন্দ্র করে এদিন হাজার হাজার মানুষের সমাগম হয় মন্দির চত্বরে। বসে মেলা। ধুমধাম করে তন্ত্রমতে পুজোর উপাচার পালন করা হয়। হয় বলি। সেই বলিকে ঘিরেই এবার প্রশ্ন। 
রায়গঞ্জের পরিবেশপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর  অ্যানিম্যালসের কর্ণধার গৌতম তান্তিয়া বলেন, এদিন খবর পাই ভৈরবী মন্দিরে বলি প্রথা এখনও চালু আছে। এদিনও বার্ষিক পুজোয় বলি হয়েছে। রায়গঞ্জের মহকুমাশাসককে বিষয়টি জানিয়েছি। বলিপ্রথা বন্ধের জন্য আর্জি জানানো হয়েছে। মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, অভিযোগ পাওয়ামাত্রই পুলিসকে ওই এলাকায় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলানো হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নেওয়া হবে। 
মন্দির পরিচালনা কমিটির তরফে সুজিত রাজবংশীর বক্তব্য, প্রথা মেনেই ভৈরবী মায়ের পুজো হয়। বলি নিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার মধ্যে আছে। আগামী বছর পুজোয় এ ব্যাপারে আমাদের বিশেষ নজর থাকবে। 
এদিন সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড় জমে যায়। দফায় দফায় চলে অঞ্জলি। পুজারী বিশ্বনাথ চক্রবর্তী বলেন, দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একজন মা ভৈরবী। যে নিয়ম মেনে মা কালীর পুজো হয়, একই নিয়মে মা ভৈরবীর পুজো সম্পন্ন করা হয় এখানে। মূলত তন্ত্রমতে এখানে মায়ের পুজো হয়। প্রাচীন নিয়ম রীতি মেনে রাখি পূর্ণিমা তিথিতে দুপুর রাত পর্যন্ত টানা মায়ের পুজো হয়। হয় বলি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ