নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর থানা এলাকায় দু’টি পোষ্য কুকুর খুনের অভিযোগ সংক্রান্ত মামলায় জামিন পেয়ে গেলেন জেল হেপাজতে থাকা অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য। বিষয়টি নিয়ে আলিপুর কোর্ট চত্বরে শোরগোল সৃষ্টি হয়। শনিবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত অভিযুক্তকে দশ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দেন। এদিন মামলার কেস‑ডায়েরি কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। তার ভিত্তিতে সেটি আদালতে পেশও করা হয়।
সরকারি কৌঁসুলি সাজ্জাদ আলি খান ধৃতের জামিনে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। তাই এই সময় ধৃতকে জামিন দেওয়া ঠিক হবে না। আর অভিযুক্তের কৌঁসুলি সুব্রত সর্দার বলেন, তদন্তে নতুন কোনও অগ্রগতি নেই। তাই আমার মক্কেলের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর মামলার নথিপত্র ও কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিন এই মামলার সওয়াল চলাকালে আলিপুর আদালতে হাজির ছিলেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, যেমন অমানবিকভাবে পোষ্য কুকুর দু’টিকে খুন করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। তাঁরাও অভিযুক্তের জামিন বাতিলের আবেদন জানান। অভিযোগ ছিল, যাদবপুর এলাকার এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আক্রোশে অভিযুক্ত যুবক তরুণীর পোষ্য কুকুর দু’টিকে খুন করেন। পাশাপাশি এই ঘটনায় অভিযোগকারিণী তরুণীকেও যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ।



