মায়ামি: বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন লায়োনেল মেসি। ঠিকানা বদলে গিয়েছিলেন পিএসজিতে। সেখান থেকে আর্জেন্তাইন মহাতারকার ইন্তার মায়ামিতে যোগদান স্তম্ভিত করেছিল ফুটবল বিশ্বকে। অনামি মেজর লিগ সকারে তাঁর যাওয়া ব্যথিত করেছিল অনুরাগীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলএমটেন সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর কথায়, পিএসজিতে কাটানো দু’বছর তাঁর কেরিয়ারের সব থেকে কষ্টকর অধ্যায়।
Advertisement
বিশ্বকাপ জয়ী অধিনায়ক বার্সা ছেড়ে দু’বছর কাটিয়েছেন প্যারিসে। এই সময়ে লিগ ওয়ানের খেতাব দু’বার ঘরে তুলেছে পিএসজি। তবে তা উপভোগ করার মতো মানসিক অবস্থা ছিল না বলেই জানিয়েছেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর মন্তব্য, ‘প্যারিসে মানিয়ে উঠতে খুব অসুবিধা হয়েছিল। শুধু পরিবেশ নয়, মাঠেও। অনুশীলন হোক বা ম্যাচে, খোলা মনে নিজেকে মেলে ধরতে পারছিলাম না। তাই মায়ামির প্রস্তাব আমার কাছে ছিল হাতে স্বর্গ পাওয়ার মতো ব্যাপার। বিষয়টা নিয়ে তাই বেশি ভাবতে হয়নি।’ উল্লেখ্য, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইন্তার মায়ামি।



