সংবাদদাতা, তারকেশ্বর: টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন হুগলির কৃষকরা। একদিকে যেমন পাকা ধান জলে পড়ে নষ্ট হচ্ছে, অন্যদিকে বৃষ্টির কারণে পিছিয়ে যাচ্ছে আলু বীজ বসানোর কাজ।
আমন ধান কেটে ঘরে তোলার সময় হঠাৎ এই বৃষ্টি। তাতে জল জমেছে চাষের জমিতে। পাকা ধান জলে ভিজে ভারি হয়ে জমিতে শুয়ে পড়েছে, আবার কাটা ধান জমিতেই জলে ডুবে গিয়েছে। কৃষকরা বলছেন, জমিতে কাটা ধান পড়ে থাকায় তাতে কল বেরিয়ে যাচ্ছে। আর কয়েকটা দিন সময় পেলে অধিকাংশ ধান কেটে গোলায় ভরে ফেলা যেত। কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ধান কাটা যেমন পিছিয়ে গেল, একইসঙ্গে পিছল আলু চাষও। এই বৃষ্টির ফলে মাটি ভিজে থাকায় এখনই আলু বসানো যাবে না। রোদ ওঠার পর মাটি শুকনো হওয়া পর্যন্ত কয়েকদিন অপেক্ষা করতে হবে।
হুগলিতে ৮৫-৯০ হাজার হেক্টর জমিতে আলুচাষ হয়। ফলন হয় প্রায় ২৫-৩০ লক্ষ মেট্রিক টন। জমিতে জল জমে থাকায় সবজি চাষেও ক্ষতি হয়েছে। হুগলি জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় আমন ধান চাষ হয়েছে মোট ১ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে। টানা দু’দিনের বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, জেলায় ১২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। ধান কেটে তোলার পর ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে। ধান ছাড়া সবজি চাষের জমিতে জল দাঁড়িয়ে থাকলে গোড়া পচে ক্ষতি হতে পারে।
কৃষিদপ্তর থেকে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়, আমন ধান ৮০% পেকে থাকলে দ্রুত কেটে তোলার ব্যবস্থা করুন। কোথাও ধানগাছ জমিতে শুয়ে পড়লে, ক্ষতির হাত থেকে বাঁচতে পাশাপাশি দু-তিনটে গুছির ধানগাছগুলি একসাথে বেঁধে দেওয়া যেতে পারে, যাতে শিষের ধানগুলি কোনোভাবে জমির জল স্পর্শ না করে। আলুচাষের পরিকল্পনা থাকলে আলু বসানো কয়েক দিন পিছিয়ে দিন। আবহাওয়ার উন্নতি হলে মাটি অনুযায়ী আলু বসান। যে সকল সবজি মাঠে পরিপক্ক অবস্থায় আছে, তা দ্রুত তুলে ফেলার ব্যবস্থা করুন। সবজির জমিতে জমা জল সরে গেলে সাধারণ পচা/ধ্বসা জাতীয় রোগ নিয়ন্ত্রণের জন্য ছত্রাকনাশক, যেমন ম্যানকোজেব ৭৫% (২.৫ গ্রাম প্রতি লিটার জলে) বা কপার অক্সিক্লোরাইড ৫০% (৪ গ্রাম প্রতি লিটার জলে)– এই হিসাবে স্প্রে করা যেতে পারে। এই সংক্রান্ত যে কোনো পরামর্শ ও সহায়তার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।



