Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য: ভারতের দাবির সমর্থনে এবার ভি-ফোর, অস্বস্তি বাড়ছে চীনের

আজ চীনের প্রেসিডেন্ট জি জিনপিং পা রাখবেন ওয়াশিংটনে। তিনদিনের মার্কিন সফরে তিনি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণও দেবেন।

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য: ভারতের দাবির সমর্থনে এবার ভি-ফোর, অস্বস্তি বাড়ছে চীনের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ চীনের প্রেসিডেন্ট জি জিনপিং পা রাখবেন ওয়াশিংটনে। তিনদিনের মার্কিন সফরে তিনি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণও দেবেন। ঠিক তার প্রাক্কালে চীনকে অস্বস্তিতে ফেলে ভারত একটি বড় কূটনৈতিক জয় পেল। পূর্ব ইউরোপের চার দেশ জানিয়ে দিল ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিতে সহমত। ব্রিকসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্টের সামনেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন। বলেছিলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারে আর দেরি সহ্য করা যাবে না। এখনই সিদ্ধান্ত নিতে হবে। একমাসের মধ্যেই প্রধানমন্ত্রীর সেই দাবি আরও জোরালো হল পূর্ব ইউরোপের নিঃশর্ত সমর্থনে। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে আসা হাঙ্গেরি, পোলান্ড, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর একজোট হয়ে জানিয়ে দিল, তারা চায় ভারতকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের সদস্যপদ দেওয়া হোক। এই চার দেশের জোটকে বলা হয় ভি ফোর। এর আগে ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন একাধিকবার জানিয়েছে যে, তারা ভারতকে নিরাপত্তা পরিষদে স্থান দেওয়ার পক্ষে। জি ফোর বলে যাকে অভিহিত করা হয়, সেই ব্রাজিল, জাপান, জার্মানি ও ভারত, প্রত্যেকেই নিরাপত্তা পরিষদে স্থায়ী স্থান পেতে চাইছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, পূর্ব ইউরোপের চার দেশ এভাবে সরাসরি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন করার ঘটনা রীতিমতো ঐতিহাসিক। আগামী দিনে ঐতিহাসিক অধ্যায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দেওয়া এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আজই আমেরিকায় যাবেন জি জিনপিং। ভারতের নিরাপত্তা পরিষদে স্থান পাওয়ার সবথেকে বড় বাধা হল চীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ