লখনউ, ১৪ নভেম্বর: একই সঙ্গে দুই রাজ্যের রাজ্যসভা সদস্য থাকার সুযোগ নেই। তাই নতুন রাজ্যসভা আসনে নির্বাচিত হওয়ার পর পুরনো আসন ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর মধ্যপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হন হরদীপ সিং পুরী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের ছেড়ে যাওয়া আসনে তাঁকে মনোনীত করেছিল বিজেপি। ওই আসনে তাঁর কার্যকালের মেয়াদ ২০৩০ সালের ২ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় পুরীর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৫ নভেম্বর। তার আগেই শনিবার, ১৪ নভেম্বর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। রাজ্যসভার সচিবালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচিত সদস্য হরদীপ সিং পুরীর পদত্যাগপত্র ১৪ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান গত মাসে রাজ্যসভার সদস্যপদ ছেড়েছিলেন। সেই শূন্য আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পুরী। ফলে উত্তরপ্রদেশের আসন ছেড়ে এবার মধ্যপ্রদেশের প্রতিনিধি হিসেবেই রাজ্যসভায় নিজের মেয়াদ শুরু করতে চলেছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।



