Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ পারাপার রুখতে পুজোর আগেই বসছে স্থায়ী ডিভাইডার, বিশেষভাবে চিহ্নিত পার্ক সার্কাস, জেমস লং সরণি

নিউ পার্ক স্ট্রিট রোড। শিয়ালদহ, মৌলালি কিংবা পার্ক স্ট্রিট থেকে মা ফ্লাইওভারমুখী যানবাহনের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অবৈধ পারাপার রুখতে পুজোর  আগেই বসছে স্থায়ী ডিভাইডার, বিশেষভাবে চিহ্নিত পার্ক সার্কাস, জেমস লং সরণি
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ পার্ক স্ট্রিট রোড। শিয়ালদহ, মৌলালি কিংবা পার্ক স্ট্রিট থেকে মা ফ্লাইওভারমুখী যানবাহনের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনভর ব্যস্ত থাকে এই রাস্তা। আর ঝুঁকি নিয়েই এই রাস্তা পারাপার করেন বহু মানুষ। প্রতিদিনই এই ছবি নজরে আসে। বুধবার মা ফ্লাইওভারমুখী একটি চলন্ত অ্যাপ ক্যাবের সামনে দিয়ে বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছিলেন তিন মহিলা। মাঝরাস্তায় সেই অ্যাপ ক্যাবকে দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েন তিনজনই। বিভ্রান্ত হয়ে পড়েন চালকও। তবে শেষমেশ কোনোক্রমে বিপদ এড়ানো সম্ভব হয়। 

Advertisement

শুধু নিউ পার্ক স্ট্রিট রোড নয়। এমন অসাবধানতার ছবি ধরা পড়ে শহরের বিভিন্ন রাস্তায়। তাই পথচারীদের সবক শেখাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় অপ্রয়োজনীয় কাট-আউটগুলিকে এবার বন্ধ করতে উদ্যোগী হয়েছে লালবাজার। কলকাতা পুরসভা ও পিডব্লুডির সঙ্গে ইতিমধ্যেই এনিয়ে বৈঠক করেছে লালবাজারের ট্রাফিক বিভাগ। কলকাতার ২৫টি ট্রাফিক গার্ড এলাকায় চিহ্নিত করা হয়েছে এমন ২৪টি বিপজ্জনক কাটআউট। এর মধ্যে বিশেষভাবে রয়েছে মূলত দু’টি এলাকা। যেখানে গাড়ির চাপ অত্যন্ত বেশি। অবৈধ পারাপার সেখানেই বেশি হয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, সার্কাস অ্যাভিনিউ, নিউ পার্ক স্ট্রিট রোড ও বেহালার জেমস লং সরণিকে সবচেয়ে বিপজ্জনক পারাপারের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে যৌথ বৈঠকে লালবাজার জানিয়েছে, সার্কাস অ্যাভিনিউয়ের মুখের অংশ অত্যন্ত বিপজ্জনক। পার্ক সার্কাস মোড় থেকে এজেসি বোস ফ্লাইওভারের ডাউন র‌্যাম্প পর্যন্ত কোনো পাকাপাকি ডিভাইডার নেই। এই অংশে আপাতত পুলিশ গার্ডরেল বসিয়ে পারাপার আটকেছে। কিন্তু তার ফাঁক গলে হামেশাই রাস্তা পারাপার করেন মানুষজন। শুধু তাই নয়, রাতের দিকে গার্ডরেল সরিয়ে আস্ত বাইক পর্যন্ত ইউ-টার্ন করে ফের এজেসি বোস ফ্লাইওভারে ওঠে। মূলত হেলমেটহীন বাইকচালকরা জয়রাইডে বেরিয়ে ট্রাফিক বিধি ভাঙেন বলে ট্রাফিক পুলিশের কাছে খবর। লালবাজার সূত্রে খবর, চিহ্নিত অংশে অবিলম্বে লোহার পাকা রেলিং বসানোর জন্য কলকাতা পুরসভার আধিকারিকদের অনুরোধ করেছেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদব। একইসঙ্গে, মল্লিকবাজার ক্রসিং থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত নিউ পার্ক স্ট্রিট রোডেও বসতে চলেছে পাকা ডিভাইডার। 
চলতি বছরেই বেহালার জেমস লং সরণিতে পর পর দু’টি দুর্ঘটনা ঘটে। যাতে দু’জনের মৃত্যু হয়। তারপরও একাধিক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম কলকাতার এই ব্যস্ত রাস্তায়। সবকটি ক্ষেত্রেই দুর্ঘটনাস্থল চৌরাস্তা-জেমস লং সরণি ক্রসিং থেকে ডায়মন্ড পার্ক মোড় পর্যন্ত। পুলিশ জানিয়েছে, এই অংশে অন্তত ১৫টির বেশি কাট-আউট রয়েছে। যেখান দিয়ে প্রতিনিয়ত মানুষ পারাপার করেন। এগুলির মধ্যে বেশ কিছু কাটআউটকে অপ্রয়োজনীয় বলে মনে করছে লালবাজার। সেগুলিকে চিহ্নিত করার জন্য ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনারকে (সাউথ) নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সেইসব কাটআউটে ডিভাইডার বসানো হবে।  পার্ক স্ট্রিটে তোলা নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ