Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চল্লিশ ডিগ্রির গরম উপেক্ষা করেই ভোটের লাইনে মানুষ

বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমার ৩ বিধানসভায় শৃঙ্খলাপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। এদিন প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ছিল।

চল্লিশ ডিগ্রির গরম উপেক্ষা করেই ভোটের লাইনে মানুষ
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সজল মণ্ডল, রঘুনাথপুর: বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমার ৩ বিধানসভায় শৃঙ্খলাপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। এদিন প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উপেক্ষা করেই সকাল থেকে ভোটাররা ভোটগ্রহণ কেন্দ্রে লাইন দিয়ে ভোট দেন। প্রতিটি ভোট কেন্দ্রে ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি ছিল পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। ভোটগ্রহণ কেন্দ্রে বিএলওরা ভোটারদের চিহ্নিতকরণ এবং ভোট দানে সহযোগিতা করেন। তবে ভোট দানে ভোটারদের নীরবতা প্রার্থীদের চিন্তায় ফেলেছে। ভোট শেষে সব পক্ষেরই দাবি, এবার ভোটে তাঁরাই জিতছেন। যদিও ফলাফল আগামী ৪ মে জানা যাবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রঘুনাথপুর মহকুমার পাড়া, কাশীপুর ও রঘুনাথপুর তিন বিধানসভার ভোটপর্ব সম্পন্ন হয়। তিন বিধানসভার মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন সকালেই প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এরপর প্রার্থীরা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে বুথে বুথে ঘুরে বেড়ান।  তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে প্রার্থীদের পক্ষ থেকে কোথাও কোনো অভিযোগ ওঠেনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার ভোটারদের আকর্ষণের জন্য পিঙ্ক বুথ ও মডেল বুথ করা হয়েছিল।  বিজেপি প্রার্থী মামণি বাউরি বলেন, মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। তৃণমূলের পরাজয় নিশ্চিত।
পাড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী ফাল্গুনী বাউরি বলেন, এদিন প্রতিটি বুথে ঘুরেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আবার রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি বলেন, মানুষ গণতান্ত্রিকভাবে মত দান করেছেন। মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছেন। ভাঁওতাবাজ বিজেপিকে ছুড়ে ফেলেছে মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ