নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ শিল্পাঞ্চলের তিন মেগা শহরেই চিত্রটা এক। সবজি, মুদিখানার দোকানের মতো লাইন দিয়ে সোনা কিনছেন সাধারণ মানুষ। ধনতেরস বা তাঁর আগের দিন এই ভিড় কিছুটা চেনা হলেও এবার যেন দ্বাদশীর পর থেকেই বাঙালি ধনতেরস উদযাপন করছে। বহুদিন পর সোনার দোকানে দেখা মিলছে মধ্যবিত্ত বাঙালি ক্রেতাদেরও। দেড় লক্ষর অধিক দামে চলে যাওয়া সোনার দাম কয়েক দিনে প্রায় কুড়ি হাজার টাকা কমে গিয়েছে। তাতেই গয়নার দোকানে ভিড়।
ক্রেতাদের এই উৎসাহ দ্বিগুণ করেছে বৃহৎ স্বর্ণ বিপণিগুলির মেগা অফার। কেউ সরাসরি সোনার দামের উপরই হাজার হাজার টাকা ছাড় দিচ্ছেন। কারও দোকানে মেকিং চার্যের উপর বড় ছাড়। বৃহৎ স্বর্ণ বিপণির পাশাপাশি শিল্পাঞ্চলের ছোটো বড়ো সব সোনার দোকানেই ধনতেরস উপলক্ষে অফার দিচ্ছে। শুধু সোনার দামে ছাড় নয়, মিলছে আকর্ষণীয় উপহার। যা নিয়ে ক্রেতাদের উৎসাহ তুঙ্গে। এই পরিস্থিতিতে হাসি চওড়া হচ্ছে ব্যবসায়ীদের।
তবে শুধু সোনার অলঙ্কার পরার জন্য কেন নয়, সোনার অলঙ্কার বিনিয়োগ হিসাবেও দেখছেন অনেকেই। শেয়ার বাজারে দিনের পর দিন ধস নামছে। অনেকেই তাই সোনা কিনে টাকা বিনিয়োগ করে রাখছেন। কথা হচ্ছিল দুর্গাপুরের স্বর্ণ ব্যবসায়ী রামকৃষ্ণ মুখোপাধ্যায় বলেন, এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সাধারণত শেয়ার বাজারে ধস নামলে সোনার দাম বেড়ে যায়। এবার কিন্তু শেয়ার বাজারে ধস নামার পাশাপাশি সোনার দামও কমেছে। তাই মানুষে বেশি করে সোনায় বিনিয়োগ করে রাখছে। দুর্গাপুরের বিভিন্ন সোনার দোকানে মানুষে ভিড় দেখা গিয়েছে। দুর্গাপুর স্টেশন বাজার হোক বা সিটি সেন্টার বেনাচিতি বাজার সর্বত্র একই ছবি।
খাঁটি সোনা বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে খ্যাতি রয়েছে রানিগঞ্জ শহরের। কয়েক দশক ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষ বিয়ে বাড়ি, পরিবারিক অনুষ্ঠানে বৃহৎ সোনার সামগ্রী গড়াতে চাইলে রানিগঞ্জে হাজির হন। সেই রীতি আজও বজায় রয়েছে। রানিগঞ্জ সোনার দোকানগুলিতে মানুষের ভিড় দেখা গিয়েছে। রানিগঞ্জের সোনার ব্যবসায়ী সুদীপ রায়, প্রদীপ নন্দীরা বলেন, গত বছরের তুলনায় বিক্রি অনেকটাই বেড়েছে। অন্য সময়ে ধনতেরসের দিন বা তার আগের দিন থেকে বিক্রি বাড়ে। এবার পুজোর পর থেকেই সোনা, রুপো হীরের বিক্রি বেড়েছে।
ব্যবসায়ী সূত্রেই জানা গিয়েছে, গত বছরের তুলনায় বিক্রি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই অবস্থা আসানসোলের সোনা, রুপোর দোকানগুলিতেও। সোনা কিনতে মানুষের প্রবল উৎসাহ ধরা পড়েছে। মূলত সোনা দেড় লক্ষ টাকার বেশি দামে চলে যাওয়ার পর অনেকেই সোনা কেনার আশা ছেড়ে দিয়েছিল। এই অবস্থায় সোনার দামে পতনের জেরে মানুষ সোনা কিনে রাখছেন ভবিষ্যতের কথা ভেবে। আসানসোলের স্বর্ণ ব্যবসায়ী স্বার্ণিক বসু বলেন, মানুষের ভালো সাড়া পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবে আমাদের মতো স্বর্ণ ব্যবসায়ীরা খুশি।



