Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল ও বিজেপিতে মোহভঙ্গ মানুষ ফিরছে বামেদের দিকে

দূরবীন দিয়ে খোঁজার দরকার নেই। এখনও লাল ঝান্ডা আছে মানুষের হৃদয়ে। প্রতিটি প্রচারে বামেদের প্রার্থীকে নিয়ে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছে

তৃণমূল ও বিজেপিতে মোহভঙ্গ মানুষ ফিরছে বামেদের দিকে
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: দূরবীন দিয়ে খোঁজার দরকার নেই। এখনও লাল ঝান্ডা আছে মানুষের হৃদয়ে। প্রতিটি প্রচারে বামেদের প্রার্থীকে নিয়ে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছে। তাই বৃহস্পতিবার কাজ, মজুরির অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার ডাক দিয়ে রঘুনাথপুর বিধানসভার সিপিএম প্রার্থী গণেশ বাউরি সাঁতুড়িতে প্রচার চালান। প্রচার ছিল খুবই সাদামাটা। শুধুমাত্র কর্মী সমর্থকদের স্লোগানের সঙ্গে ছিল মাইকিং ও লাল ঝাণ্ডার বহর। প্রার্থী পায়ে হেঁটে করজোড়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম চষে বেরান। মানুষের সঙ্গে কথা বলেন। এদিন প্রচারে জেলা কমিটির সদস্য রাজেশ বাউরি, অঞ্চল কমিটির সদস্য গোপীজীবন মণ্ডল, খোকন টুডুরা ছিলেন।

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় শিক্ষক হিসেবে পরিচিত গণেশবাবু প্রার্থী ঘোষণার পরদিন থেকেই প্রচারে নামেন। ২০২১ সালেও দল তাঁকে প্রার্থী করেছিল। ফলে বেশিরভাগ গ্রামই তাঁর চেনা। অন্যদিকে, বাম প্রার্থীর দাবি, কেন্দ্র ও রাজ্যের দুই সরকারের অপশাসনে মানুষ অতিষ্ঠ। তাই আবার বামেদের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন। শিক্ষিত যুবক -যুবতীদের মধ্যে বামেদের প্রতি আস্থা বেড়েছে। তাই নতুন ভোটাররা এবার রাম ছেড়ে বামমুখী হচ্ছেন। এদিন ব্লকের টাড়াবাড়ি অঞ্চলের সাধুশালতোড়া থেকে প্রচার শুরু হয়। অঞ্চলের কেশরপুর, বেনাগড়িয়া, টাড়াবাড়ি, কাকড়কিয়ারী গ্রামে প্রচার চলে। দ্বিতীয় দফায় সাঁতুড়ি, তিয়াশি, লেদিয়াম, পিড়রগড়িয়া, তালবেড়িয়া গ্রামেও প্রচার হয়।
প্রচারে গণেশবাবু বলছেন, দুই সরকারের কর্মসংস্থানে কোনো দিশা নেই। দুর্নীতির নামে কারুর প্রতি কোনো আইনি ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগে দলীয় মেরুকরণ চলছে। বিজেপি ধর্মীয় মেরুকরণ চালানোর চেষ্টা করছে রাজ্যে। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ভাতা দিয়ে ভোলানোর চেষ্টা করছে তৃণমূল। এলাকার কারখানাগুলিতে বহিরাগতরা নিয়োগ পাচ্ছে। অথচ এলাকার যুবক, যুবতীরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করছে। বাম জমানায় প্রতিবছর এসএসসিতে নিয়োগ হত। নিয়মত বিভিন্ন চাকরির পরীক্ষা হত। কিন্তু এখন মানুষ দিশেহারা। 
সিপিএম প্রার্থী আরও বলেন, শিক্ষিত যুবক-যুবতীরা বামেদের প্রতি আশাবাদী। তৃণমূল ও বিজেপিকে ভোট দিয়ে মানুষ দেখেছে কাজ হয়নি। তাই নব্য ভোটাররা বামে ফিরছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ