Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া সম্পত্তি করে পেনাল্টি-সুদ মকুব, ভোটের আগে কলকাতা পুরসভার উপহার

দুর্গাপুজো মিটলেই কলকাতা পুরভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। সড়ক, পানীয় জল, জঞ্জাল ব্যবস্থাপনার মতো নৈমিত্তিক পুর-পরিষেবাগুলির খামতি পূরণ করতে তৎপর হচ্ছে পুর-প্রশাসন।

বকেয়া সম্পত্তি করে পেনাল্টি-সুদ মকুব, ভোটের আগে কলকাতা পুরসভার উপহার
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: দুর্গাপুজো মিটলেই কলকাতা পুরভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। সড়ক, পানীয় জল, জঞ্জাল ব্যবস্থাপনার মতো নৈমিত্তিক পুর-পরিষেবাগুলির খামতি পূরণ করতে তৎপর হচ্ছে পুর-প্রশাসন। এই আবহে এবার শহরের নাগরিকদের জন্য বড়ো উপহার ঘোষণা করতে চলেছে কলকাতা পুরসভা। বকেয়া সম্পত্তি কর খাতে আদায় বাড়াতে এবার পুরসভা সুদ ও পেনাল্টির পুরোটাই মকুব করতে চলেছে বলে খবর। এর জন্য আনা হচ্ছে ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অব ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দা প্রপার্টি ট্যাক্স পেয়ার্স) স্কিম, ২০২৬’। আধিকারিকদের পরিভাষায় যা ‘বাম্পার ওয়েভার’। অতীতে বিভিন্ন সময় ‘ওয়েভার স্কিম’ এনে বকেয়া সম্পত্তি করের উপর সুদ ও জরিমানার একাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করত পুরসভা। তাতে উৎসাহিত হয়ে অনেক করদাতা বকেয়া মিটিয়ে দিতে উৎসাহিত হতেন। গত বিধানসভা ভোটের আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর থেকে এই ওয়েভার বন্ধ হয়ে রয়েছে। শহরবাসীকে ফের ওই সুযোগ দিতে তোড়জোড় শুরু হয়েছিল আগেই। বিস্তর পর্যালোচনার পর সুদ ও জরিমানার পুরোটাই ছাড় দেওয়ার প্রস্তাব নবান্নে পাঠায় পুরসভা। সূত্রের খবর, সম্প্রতি রাজ্য সরকার সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। ফলে এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অর্থাৎ আসন্ন পুরভোটের আগেই মিলবে ওয়েভারের সুবিধা। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সমস্ত সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত মালিকানার সম্পত্তি এবং সরকারের আন্ডারটেকিং সম্পত্তিতে বকেয়া করের উপর সুদ ও পেনাল্টিতে ১০০ শতাংশ ছাড় মিলবে। কোনো সম্পত্তিতে যদি বসবাস ও ব্যবসা একসঙ্গে চলে, সেক্ষেত্রে সুদের উপর ৮০ শতাংশ এবং পেনাল্টিতে ৯৯ শতাংশ ছাড় মিলবে। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে সুদের উপর ৭০ শতাংশ এবং পেনাল্টিতে ৯৯ শতাংশ ছাড় মিলবে। বিজ্ঞপ্তি জারির ছ’মাসের মধ্যে বকেয়া মেটাতে চাইলে তবেই মিলবে এই ছাড়। তবে এই সময়ের মধ্যে ইনস্টলমেন্টে টাকা মেটানোর সুযোগ পাওয়া যাবে। 
উল্লেখ্য, পুরসভা কয়েক বছর অন্তর বিশেষ ওয়েভার স্কিম আনে, যাতে বিপুল অঙ্কের অনাদায়ী সম্পত্তি করের যতটা সম্ভব আদায় করা যায়। দু’-তিন বছর আগে ‘গ্রেডেড ওয়েভার’ চালু হয়েছিল। সেটি মিলত বছরভর। এই পদ্ধতিতে বছরের হিসাবে বিভিন্ন গ্রেড ধরে ছাড়ের শতাংশ নির্ধারিত ছিল। পুরানো ওয়েভারে যাঁর যত বেশি দিন বকেয়া, তাঁর ছাড় তত কম ছিল। সেই পুরানো ওয়েভার ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ