Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

অটিজম সচেতনতায় পিয়ারলেস হাসপাতালের উদ্যোগ

জানেন কি, অটিজম আক্রান্তদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা এমনকী স্বাস্থ্যবিমাও!

অটিজম সচেতনতায় পিয়ারলেস হাসপাতালের উদ্যোগ
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• জানেন কি, অটিজম আক্রান্তদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা এমনকী স্বাস্থ্যবিমাও! ঠিক তাই। সম্প্রতি চলে গেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই উপলক্ষে ‘অটিজম অ্যান্ড হিউম্যানিটি – এভরি লাইফ হ্যাজ ভ্যালু’ শীর্ষক একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পিয়ারলেস হাসপাতালের  ‘অটিজম গাইডেন্স ক্লিনিক’-এর তরফে। অটিজম অসুখ এবং এই শিশুদের ভবিষ্যত্‍ নিয়ে নতুন দিশা দেওয়ার চেষ্টা করা ওই অনুষ্ঠানে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ডাঃ ডি. পি. সমাদ্দার। তিনি বলেন, ‘শিশুরা অন্যদের সঙ্গে ঠিকমতো মিশতে পারছে কি না কথা বলতে পারছে কি না অবশ্যই নজরে রাখুন। কোনও সমস্যা হচ্ছে মনে হলে চিকিত্সকের পরামর্শ নিন। বিশ্বের অনেক সফল ব্যক্তিরই অটিজম আছে। তাই দুশ্চিন্তা না করে সন্তানকে সঠিক পথ ধরে গাইড করলে শিশুরা জীবনে খুব উন্নতি করতে পারে।’ তিনি আরও বলেন, অটিজম ব্যবস্থাপনায় একাধিক বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হয়। পিয়ারলেস হাসপাতালে এক ছাতার নীচে কাজ করেন অটিজম বিশেষজ্ঞ ডাক্তার, সাইকোলজিস্ট ও থেরাপিস্টরা। অভিভাবকদের আর্থিক সুবিধার কথা ভেবে এখানে একটি ‘সিঙ্গেল ফিজ’-এর মাধ্যমে সমন্বিত চিকিৎসার সুযোগ রাখা হয়েছে।  অনুষ্ঠানে প্রতিবন্ধী অধিকার কর্মী চৈতালী গামি বলেন, ‘সন্তানের অটিজম থাকলে অবশ্যই www.swavalambacard.gov.in সাইটে গিয়ে ইউডিআইডি কার্ড করানো উচিত। কারণ সরকারের তরফে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্তদের জন্য একাধিক ব্যবস্থা আছে যার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা, শিক্ষার অধিকার ও সংরক্ষণ, বৃত্তি, চাকরিতে সংরক্ষণ এবং বিশেষ ক্ষেত্রে পেনশন পাওয়ার ব্যবস্থাও।’

সম্পর্কিত সংবাদ