Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ কার্যত শূন্য

মঙ্গলবার থেকে কার্যত শিশুরোগ বিশেষজ্ঞ শূন্য হয়ে পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ কার্যত শূন্য
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: মঙ্গলবার থেকে কার্যত শিশুরোগ বিশেষজ্ঞ শূন্য হয়ে পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগে শিশু বিভাগে চারজন চিকিৎসক কর্মরত ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে দু’জনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁরা হাসপাতাল ছেড়ে দিয়েছেন এবং একজন বদলি হয়েছেন। বদলি হওয়া চিকিৎসকের স্থানে নতুন কেউ যোগ দেননি। ফলে একমাত্র বাকি চিকিৎসকের উপরই নির্ভর করছিল এলাকার শিশু চিকিৎসা ব্যবস্থা। বর্তমানে তাঁরও বদলির নির্দেশ চলে আসায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 

Advertisement

লতিফুল মহম্মদ, রাজু সরকার, মালতি অধিকারী সহ বহু বাসিন্দা জানান, হাসপাতালে নিয়মিত তিন থেকে চারজন শিশুরোগ বিশেষজ্ঞ থাকা জরুরি। বিশেষত এই অঞ্চলের বেশিরভাগ মানুষ আর্থিকভাবে দুর্বল হওয়ায় দূরে চিকিৎসা করাতে যাওয়া তাঁদের জন্য কঠিন। বর্তমানে আবহাওয়া বদলের কারণে শিশুদের মধ্যে জ্বর-সর্দির প্রকোপ বাড়ায় বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা আরও বেশি বলে জানান তাঁরা। 
উল্লেখ্য, হাসপাতালে বর্তমানে মোট ২৫ জন চিকিৎসক কর্মরত এবং প্রতিদিন গড়ে ৭০০-৮০০ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। জটিল অস্ত্রোপচার চালু হওয়া ও জয়ী সেতু সংযোগের ফলে মেখলিগঞ্জের ৮টি ও হলদিবাড়ির ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল। এ প্রসঙ্গে মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় জানিয়েছেন, রুটিন বদলির আওতাতেই এই পরিবর্তন হচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত শূন্যপদ পূরণের আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ