নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় পথচারীর মৃত্যু ঘিরে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকড়ার কবরপাড়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। বাঁকড়া বাজার থেকে কবরপাড়া পর্যন্ত বেপরোয়া গতিতে ছুটতে থাকা লরিটি পরপর অন্তত তিনজনকে ধাক্কা মারে। তাঁরা অল্পবিস্তর জখম হন। এরপর অজ্ঞাতপরিচয় এক পথচারীকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক লরিটিতে চলে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোহার ছাঁট বোঝাই বড়ো লরি হাওড়া-আমতা রোড ধরে বাঁকড়া থেকে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। জাপানি গেট, বাঁকড়া বাজার এবং কবরপাড়া হয়ে যাওয়ার সময় লরিটির গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। পথচারী ও গাড়িগুলিকে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় সেটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রথমে অন্তত তিনজনকে ধাক্কা মারে লরিটি। তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। পরে কবরপাড়া মোড়ের কাছে আরও এক পথচারীকে চাপা দেয়। শেষে সামনে থাকা একটি বালির লরির পিছনে সজোরে ধাক্কা মেরে থেমে যায় ঘাতক লরিটি। আহতদের হাসপাতালে ভরতি করা হয়।
চালক পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তাকে ধরে মারধর করেন বাসিন্দারা। উত্তেজিত জনতা লরিটিকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। চলে ভাঙচুরও। খবর পেয়ে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। পুলিশ চালককে গ্রেপ্তার করার পাশাপাশি লরিটি আটক করে থানায় নিয়ে যায়। চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত পথচারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা থাকায় রাত পর্যন্ত মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।