নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পদের ঝুলি নিয়ে রাতে বর্ধমানের নামী হোটেলে আসছেন ‘সান্তা’। যে যা পদ চাইছেন তাঁকে সেটাই তিনি পাইয়ে দেবেন। হোক বা না হোক তিনি আশ্বাসবাণী দিয়ে চলেছেন। আর এই মানসিক সন্তুষ্টি দেওয়ার জন্য তাঁকে মোটা টাকা দক্ষিণা দিতে হয়েছে। কিন্তু কে এই ‘সান্তা’? এই প্রশ্নের উত্তর রহস্যে ভরা। আর তা ঘিরে শাসক দলে শোরগোল পড়ে গিয়েছে। দলের একাংশের দাবি, পদের লোভে শাসক দলের বেশ কয়েকজন হেভিওয়েট শহরের একটি হোটেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানিয়ে এসেছেন কেউ কেউ। সেই ছবি পৌঁছে গিয়েছে শাসক দলের শীর্ষস্তরে। সেই ‘সান্তা’কে দলের কেউ চেনেন না। তাঁকে কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। তারপরও কীভাবে তিনি এত শক্তিশালী হয়ে উঠলেন সেটাই নেতৃত্বকে ভাবাচ্ছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, আমাদের দলে হোটেলে ডেকে কাউকে পদ দেওয়া হয় না। নেতৃত্ব সবকিছু যাচাই করার পর পদাধিকারী ঠিক করেন। কেউ কেউ হোটেলে বৈঠক করছেন বলে আমাদের কানে এসেছে। কিন্তু তাঁরা কাঁরা তা আমরা জানি না। আমরা দলের সৈনিক। নেতৃত্ব যা বলবে সেটাই করবে। দলের আরও এক নেতা বলেন, চক্রটি আরও কয়েকটি জেলাতেও জাল ছড়িয়েছে। নেতৃত্ব বিষয়টির উপর নজর রাখছে। টাকার বিনিময়ে কেউ পদ পাইয়ে দিতে পারে না। তাঁদের কাছে যাঁরা যাচ্ছেন, তাঁরা নিজেদের ইচ্ছেতে যাচ্ছেন। এই দলে ‘পারফরমেন্স’ শেষ কথা। যাঁরা দলের সৈনিক, যাঁদের ভাবমূর্তি ভালো রয়েছে তাঁরা পদ পাবেন। তারজন্য কাউকে টাকা দেওয়ার কথা নয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘সান্তা’র বাড়ি মুর্শিদাবাদ। তাঁর বিশ্বস্ত সৈনিক হয়ে কাজ করছেন এই জেলারই কয়েকজন। তাঁরাই ওই সান্তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন কারণে দল যাঁদেরকে ব্যাকবেঞ্চে পাঠিয়েছে তাঁরাই বেশি করে যাচ্ছেন। কাউকে ব্লক সভাপতি আবার কাউকে শাখা সংগঠনের সভাপতি করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এছাড়া আরও অনেক পদই তাঁর হাতে রয়েছে বলে দাবি করছেন। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের টিকিটও নাকি তাঁর হাতেই রয়েছে। তাঁর খপ্পরে পড়া এক নেতা বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। অনেক পরে সবকিছু জানতে পারি। তারপরই পিছু হটেছি। তা নাহলে আমার পকেটও ফাঁকা হয়ে যেত।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দল জেলায় সাংগঠনিক রদবদল করবে। কয়েকটি ব্লকের সভাপতি এবং শাখা সংগঠনের কয়েকটি পদের বদল হবে। সেই তালিকা দল ইতিমধ্যেই চূড়ান্ত করেছে। তবে তা পৌষমাস শেষ হওয়ার পর ঘোষণা হতে পারে বলে দলের অনেকেই মনে করছেন। তার আগেই পদের ঝুলি নিয়ে বর্ধমানের হোটেলে হাজির হয়ে গিয়েছেন ওই ‘সান্তা’।



