Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন ৩ শিক্ষক, বিক্ষোভ পড়ুয়াদের

পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন ৩ শিক্ষক, বিক্ষোভ পড়ুয়াদের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: প্ৰিয় স্যারেরা বদলি হয়ে অন্যত্র চলে যাবেন তা মেনে নিতে পারছে না কেউই। শিক্ষকদের বদলি ঠেকাতে বিক্ষোভে শামিল হলেন খুদে পড়ুয়ারা। স্কুল চত্বরে প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ ধরে চলল বিক্ষোভ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ ব্লকের নাগরুরহাট কার্জীপাড়া জুনিয়র বেসিক স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ জন। শিক্ষক রয়েছেন পাঁচ জন। 
Advertisement
সম্প্রতি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে। ওই স্কুলের শিক্ষক খগেশ্বর দাস, সাধন প্রধান এবং নীতি কুমার সাহার বদলির নির্দেশ এসেছে। প্রধান শিক্ষক হয়ে তাঁরা শীঘ্রই অন্য স্কুলে যোগ দেবেন। আর বিষয়টি জানাজানি হতেই এদিন সকাল থেকেই বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ভিড় জমাতে শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। শিক্ষকরা রিলিজ নিতে এলে স্কুলের গেট আটকে সবাই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। স্কুল ছাত্রী প্রীতি রায়, পাখি ব্যাপারীরা বলে, একবারে এতজন শিক্ষক বদলি হয়ে গেলে স্কুলের পরিকাঠামো ভেঙে পড়বে। আমাদের লেখাপড়া ভালো হচ্ছে। স্যারেরা চলে গেলে আমাদের পড়াশুনায় এর প্রভাব পড়বে। বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভে শামিল হয়েছি। 
পড়ুয়াদের এমন কর্মকাণ্ডে কিছুটা আবেগঘন হয়ে পড়েন ওই তিন শিক্ষক। শিক্ষক নীতি কুমার সাহা বলেন, ছাত্রছাত্রীদের ভালোবাসায় আমরা সকলেই আপ্লুত। ওরা আমাদের ছাড়তে চাইছে না। তবে সরকারি নির্দেশ তো মানতেই হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি সমীর গুহ বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সম্পর্কিত সংবাদ