Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পঁচিশের শেষে চালু নন্দীগ্রাম জলপ্রকল্প, এডিবির ৯০০ কোটি ব্যয়ে ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ

পঁচিশের শেষে চালু নন্দীগ্রাম জলপ্রকল্প, এডিবির ৯০০ কোটি ব্যয়ে ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের(এডিবি) ৯০০কোটি টাকা ব্যয়ে নন্দীগ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের কাজ ৬০শতাংশ সম্পূর্ণ। আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই ওই মেগা প্রজেক্ট চালু করার টার্গেট নেওয়া হয়েছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ১২৫০কিলোমিটার পাইপ লাইন পাতার কাজ শেষ হয়েছে। আরও ৭০০কিলোমিটার পাইপলাইন পাতা হবে। ওই প্রকল্পে বাসিন্দারা কীভাবে উপকৃত হবেন তা নিয়ে আজ, বৃহস্পতিবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছে নন্দীগ্রাম-১ বিডিও অফিসে। সেখানে ওই ব্লকের সবকটি পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকবেন। ওই প্রকল্প সামনে রেখে ক্ষতিপূরণ ও কর্মসংস্থান নিয়ে গ্রামবাসীদের নিত্যনতুন দাবিতে বেশকিছু জায়গায় কাজে সমস্যা হচ্ছে। সেই সমস্যা কাটানোর লক্ষ্যে বিডিও অফিসে কর্মশালার আয়োজন।
Advertisement
নন্দকুমারে হলদি নদী থেকে জল তুলে পরিস্রুত করার পর তা পাঠানো হবে নন্দীগ্রামে। নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের ১৫টি ওভারহেড রিজার্ভারে জল পৌঁছে যাবে। তারপর মোট ১৯৫০কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সবকটি গ্রামে জল সরবরাহ করা হবে। এছাড়াও নন্দীগ্রাম-১ ব্লকের গড়চক্রবেড়িয়া এবং নন্দীগ্রাম-২ ব্লকের মনোহরপুরে গ্রাউন্ড লেভেল রিজার্ভারের কাজ চলছে। ওই দুই জায়গায় সাবস্টেশন, পাম্প হাউস সহ অন্যান্য পরিকাঠামোর কাজও চলছে। নরঘাটে হলদি নদীর উপর মাতঙ্গিনী সেতুর পাশ দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়া হবে। সেই কাজও চলছে।
এডিবির আর্থিক সহযোগিতায় নন্দীগ্রামে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ করতে গিয়ে প্রতি পদে বাধার মুখে পড়ছে পিএইচই দপ্তর। ওই কাজের জন্য আলাদা করে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট(পিআইইউ) গড়া হয়েছে। তমলুক শহরে মানিকতলায় পুরনো জেলা পরিষদ অফিস বিল্ডিংয়ে ওই প্রজেক্টের জন্য একজন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন। পাইপলাইন পাতার কাজে কোথাও রেল কিংবা আইওসি, আবার কোথাও এনএইচ কর্তৃপক্ষ কিংবা ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অথবা বিদ্যুৎ বণ্টন সংস্থার অনুমোদন বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। সেসব অনুমোদন পেতে সময় লাগছে। তবে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা বরাবর পাইপ লাইন পাতা কাজে বাধা আসছে। ১৫-২০বছর আগে গ্রামবাসীদের দান করা জায়গার উপর দিয়ে পিএমজিএসওয়াই রাস্তা গিয়েছে। এখন সেই রাস্তা বরাবর পাইপলাইন পাততে গিয়ে কেউ ক্ষতিপূরণ আবার কেউ কেউ চাকরির দাবিতে সরব। যেকারণে পাইপ পাতার কাজে সমস্যা হচ্ছে।
নদী থেকে জল তুলে পরিস্রুত করার পর নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে সরবরাহ করতে ২০১৯সালে ডিসেম্বর মাসে এডিবির আর্থিক সহায়তায় ওই প্রজেক্টের কাজ শুরু হয়। নন্দীগ্রাম বিধানসভার ১৭টি পঞ্চায়েতের সব বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দেওয়া হবে। নানা সমস্যা পেরিয়ে এই মুহূর্তে প্রকল্পের কাজ ৬০শতাংশ সম্পূর্ণ। ২০২৫সালে ডিসেম্বর মাসের মধ্যে ওই প্রকল্প চালু করার টার্গেট নেওয়া হয়েছে। নন্দীগ্রামের পর ওই প্রোজেক্টের জল চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকে জল সরবরাহ করা হবে।
নন্দীগ্রাম-১ বিডিও সৌমেন বণিক বলেন, এডিবির জল প্রকল্প নিয়ে বৃহস্পতিবার আমাদের ব্লকের মিটিং হলে একটি কর্মশালা হবে। সেখানে প্রজেক্টরের সাহায্যে প্রকল্পের খুঁটিনাটি দেখানো হবে। সব পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত থাকবেন।
সম্পর্কিত সংবাদ