Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারের আগেই ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ পাকড়াও মা ও ছেলে

পাচারের আগেই ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ পাকড়াও মা ও ছেলে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে রঘুনাথগঞ্জে গ্রেপ্তার হয়েছে মা ও ছেলে। বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে তাদের কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিস। যার বাজারমূল্য আনুমানিক ৫০লক্ষ টাকা। ধৃতদের নাম মানোয়ারা বিবি ও রকি শেখ। তাদের বাড়ি লালগোলা থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতরা অসম থেকে ওই ব্রাউন সুগার নিয়ে এসেছিল। পুলিসের দাবি, তারা ওই মাদক লালগোলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জেরায় স্বীকার করেছে। তবে, শেষপর্যন্ত তাদের সেই চেষ্টা বিফল করে দেন তদন্তকারীরা। ধৃতরা ঠিক কোথা থেকে কাকে হাত বদলের জন্য ওই মাদক নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের শুক্রবার বহরমপুরে বিশেষ আদালতে তোলা হয়। উভয়ের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
এদিনের অভিযানে পুলিসের সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ-১ ব্লকের বিডিও সুবীর রায়। তিনি বলেন, এক মহিলা ও তার ছেলের কাছ থেকে ৫৮২ গ্রাম মাদক পাওয়া গিয়েছে। পরীক্ষায় সেগুলি ব্রাউন সুগার বলে প্রমাণিত হয়েছে। তারা কোথায় যাচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, উমরপুরে ট্রাফিক মোড়ে রাস্তার ধারে এক মধ্যবয়সি মহিলা ও তার ২৪ বছরের ছেলে দাঁড়িয়ে ছিল। মহিলার পরনে ছিল মেরুন রঙের সালোয়ার কামিজ। যুবক কালো গেঞ্জি ও নীল জিন্স পরেছিল। সঙ্গে বড়ো সাইজের দু’টি ব্যাগ ছিল। জাতীয় সড়কের ধারে তারা লালগোলাগামী বাসের অপেক্ষা করছিল। আগাম খবর পেয়ে পুলিস তাদের আটক করে তল্লাশি চালায়। ব্যাগ থেকে দু’টি প্যাকেট পাওয়া যায়। পলিথিনের প্যাকেটে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার ছিল। সপ্তাহ খানেক আগেই ফরাক্কায় এক কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে এসটিএফ। সম্প্রতি রঘুনাথগঞ্জেও ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ লালগোলার দুই যুবককে গ্রেপ্তার করে পুলিস। পাচারকারীরা অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা করে। পুলিসের সন্দেহ এড়াতেই মহিলাকে মাদক পাচারের কাজে নামানো হয়। মহিলাদের সাধারণত সন্দেহের বাইরে রাখা হয়। যা নিয়ে জঙ্গিপুর মহকুমায় মাদক পাচারের ঘটনায় উদ্বিগ্ন গোয়েন্দারাও।
রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, আগাম খবর ছিল। সেই মতো তাদের উপর নজরদারি রাখা হচ্ছিল। মা ও ছেলেকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। তারা কতদিন ধরে এই কারবারে যুক্ত ও কারা কারা তার সঙ্গে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ