Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারকারী ও বিএসএফের হাতাহাতিতে জখম এক জওয়ান, দিনহাটায় ধৃত চার

পাচারকারী ও বিএসএফের হাতাহাতিতে জখম এক জওয়ান, দিনহাটায় ধৃত চার
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: মধ্যরাতে পাচারকারী ও বিএসএফের মধ্যে হাতাহাতিতে চাঞ্চল্য ছড়ায় সীমান্তে। দিনহাটা-২ ব্লকের চৌধুরিহাট সীমান্তে এ ঘটনায় আহত হয়েছেন বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটালিয়নের এক কোম্পানি কমান্ডার। চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। নির্দোষ গ্রামবাসীদের বাড়িঘর ভাঙচুর করছে বিএসএফ, এমনটাই দাবি স্থানীয়দের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সীমান্ত রক্ষী বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 
Advertisement
বৃহস্পতিবার মাঝরাতে চৌধুরীহাট সীমান্ত দিয়ে মশলা পাচারের চেষ্টা করছিল একদল পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা তাদের আটক করার চেষ্টা করে। পাচারকারীরা দলে বেশি হওয়ায় বিপাকে পড়ে বিএসএফ। দুই পক্ষের ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় বিএসএফের কোম্পানি কমান্ডারের। তাঁকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন তিনি। ঘটনায় যুক্তদের খোঁজে পরে গ্রামে তল্লাশি শুরু করে বিএসএফ। চারজনকে আটক করে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয় তারা। 
তবে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, নির্দোষ গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়েছে বিএসএফ। ভাঙচুর চালানো হয়েছে একাধিক বাড়িতে। যদিও বিএসএফ গ্রামবাসীদের অভিযোগ নস্যাৎ করেছে। তাদের দাবি, আচমকা আক্রমণ করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কোম্পানি কমান্ডারের। বাজেয়াপ্ত করা মশলা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সময় তাদের আটক করা হয়েছে। পাচার রুখতে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে। 
তৃণমূল কংগ্রেস পরিচালিত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য মোর্তজা হোসেন বলেন, রাতের বেলা পাচারকারীদের সঙ্গে বিএসএফের গণ্ডগোল হয়। সেই ক্ষোভে গ্রামের নির্দোষ মানুষের উপর অত্যাচার চালায় তারা। চারজন নিরীহ গ্রামবাসীকে আটক করে পুলিসের হাতে তুলে দিয়েছে। একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের কোচবিহার সেক্টরের এক শীর্ষকর্তা বলেন, সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা রুখেছেন জওয়ানরা। সেই সময় পাচারকারীদের আক্রমণে একজন আধিকারিকের মাথা ফাটে। ঘটনায় যুক্তদের আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  
সম্পর্কিত সংবাদ