Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচিল দিয়ে ঘেরা ব্যক্তিগত জমিতে কমিউনিটি টয়লেট তৈরির অভিযোগ

পাঁচিল দিয়ে ঘেরা ব্যক্তিগত জমিতে কমিউনিটি টয়লেট তৈরির অভিযোগ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যক্তিগত জমিতেই তৈরি হচ্ছে সরকারি কমিউনিটি টয়লেট। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কৃষ্ণনগর দুই ব্লকের বেলপুকুর পঞ্চায়েতের সোনডাঙ্গা এলাকায়। যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, এলাকার বাসিন্দা সুখচাঁদ মল্লিকের পাঁচিল দিয়ে ঘেরা বাড়িতে সরকারি কমিউনিটি টয়লেট বানানো হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। যার ফলে সাধারণ মানুষ সেই কমিউনিটি টয়লেট ব্যবহার করতে পারবে না বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই ওই এলাকার রাজনৈতিক মহলেও শোরগোল পড়েছে। সিপিএমের তরফ থেকে এই অনিয়মের অভিযোগ আনা হয়েছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। 
Advertisement
পঞ্চায়েত প্রধান তুসি দত্ত বলেন, সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কোচিং হয়। তৃণমূলের দুর্নাম করার জন্য সিপিএমের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেলিম মল্লিক বলেন, ওটা কারও ব্যক্তিগত জায়গা নয়। কোর্টে এফিডফিট করে ওই জমিটা কমিউনিটি টয়লেট বানানোর জন্য পঞ্চায়েতকে দিয়েছে। সেখানে একটি কোচিং সেন্টার চলে। সুখচাঁদ মল্লিক স্বেচ্ছায় সেই জমি দিয়েছেন। তৃণমূলের নামে অপপ্রচার করতে সিপিএম এসব করছে। 
বেলপুকুর পঞ্চায়েতের সিপিএম সদস্য তথা বিরোধী দলনেতা আসছার আলি শেখ বলেন, ‘টায়েড ফান্ডে কমিউনিটি টয়লেটের জন্য বেলপুকুর পঞ্চায়েতের তরফ থেকে টেন্ডার করা হয়। পঞ্চায়েতের পাঁচটি জায়গায় সেই টয়লেট করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়। কিন্তু দেখা যায় সোনাডাঙাতে যেখানে কমিউনিটি টয়লেট তৈরি করার কথা ছিল, সেখানে হয়নি। বরং পাঁচিল দিয়ে ঘেরা সুখচাঁদ মল্লিকের বাড়িতে সেই কমিউনিটি টয়লেট করা হয়েছে। বিষয়টি প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এটা করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের ১ কোটি ৯১ লক্ষ ১০ হাজার ৬০০ টাকা পেয়েছে বেলপুকুর পঞ্চায়েত। যার মধ্যে ১৮ লক্ষ ৪২ হাজার টাকার মোট ২৩টি প্রকল্পের কাজ বেলপুকুর পঞ্চায়েতে চলছে। 
সম্পর্কিত সংবাদ