Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচবছর পর তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ, গ্রুপ-ডি পদে মাধ্যমিক পাশ, বেতন ৩০ হাজার

পাঁচবছর পর তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ, গ্রুপ-ডি পদে মাধ্যমিক পাশ, বেতন ৩০ হাজার
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁচ বছর পর আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করল তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। মাধ্যমিক পাশ যোগ্যতায় ৪১জন গ্রুপ-ডি কর্মী নিয়োগ হবে। পদের নাম রাখা হয়েছে ‘সাব স্টাফ’। ২০১৯ সালে শেষবার প্রায় ১৩৭জন বিভিন্ন স্তরের কর্মী ও ম্যানেজার নিয়োগ করেছিল ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পাঁচ বছর পর আবারও এককালীন ৪১জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক। পে-স্কেল ১৮ হাজার ৬০০-৩৮ হাজার ৬০০টাকা। অর্থাৎ শুরুতেই প্রায় ২৯ হাজার ৫০০ টাকা বেতন। ‘সাব স্টাফ’ পদের জন্য কয়েক লক্ষ আবেদনপত্র জমা পড়বে বলে মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্বচ্ছতার ভিত্তিতে যাতে কর্মী নিয়োগ হয়, সেটা‌ই ব্যাঙ্ক কর্তৃপক্ষের লক্ষ্য।
Advertisement
কো-অপারেটিভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, www.tamlukghatalccb.co.in ওয়েবসাইটে ৩০ডিসেম্বর নিয়োগের আবেদনপত্র আপলোড করা হয়েছে। আগামী ৬ থেকে ২১জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে গিয়ে পূরণ করা আবেদন জমা করতে হবে। ডাকযোগে কিংবা অনলাইনে ফর্ম পূরণ করা কিংবা পাঠানোর সুযোগ নেই। মোট ৪১টি শূন্যপদ। তারমধ্যে অসংরক্ষিত ২০টি, এসসি ১০টি, এসটি দু’টি, ওবিসি-এ চারটি, ওবিসি-বি তিনটি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া(অসংরক্ষিত) দু’টি পদে নিয়োগ হবে। সংরক্ষিত কোটার প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
জানা গিয়েছে, ব্যাঙ্কের প্রায় ৩০জন গ্রুপ-ডি কর্মী প্রমোশন পেয়ে গ্রুপ-সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। যেকারণে গ্রুপ-ডি বিভাগে শূন্যপদ তৈরি হয়েছে। দেশের যেকোনও প্রান্ত থেকে এই ব্যাঙ্কে নিয়োগের জন্য আবেদন করা যাবে। অসংরক্ষিত প্রার্থীদের ২৫০টাকা এবং সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের ১৫০টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে এনইএফটি কিংবা ফান্ড ট্রান্সফার করতে হবে।  
নিয়োগের জন্য ৭০নম্বরের লিখিত পরীক্ষা হবে। তারমধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, পাটিগণিত ১৫ এবং জেনারেল নলেজের উপর ১৫নম্বর থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি হবে। সফল প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। সেখানে ৩০নম্বর বরাদ্দ। চূড়ান্ত পর্যায়ে সফল প্রার্থীরা পারফরমেন্সের নিরিখে তিন বছর বাদে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হবেন। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় যুব সমাজের মধ্যে বিপুল সাড়া পড়েছে। কারণ, সমবায় ব্যাঙ্কে বেতন কাঠামো ভালো। চাকরির নিশ্চয়তা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর প্রমোশন এবং ইনক্রিমেন্টের সুবিধাও আছে।
২০১৯ সালে এই ব্যাঙ্কে নিয়োগ ঘিরে বিস্তর অভিযোগ উঠেছিল। যেকারণে রাজ্য সরকার তদন্ত কমিটিও গঠন করেছিল। তাই এবার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন অনেকেই। ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতি বলেন, ৪১জন গ্রুপ-ডি কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৬জানুয়ারি থেকে আবেদন শুরু। ব্যাঙ্কে এসে আবেদন জমা দিয়ে যেতে হবে।
সম্পর্কিত সংবাদ