Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ টাকায় ২০ লিটার, ওয়াটার এটিএম পরিষেবা চালু জঙ্গিপুরে

পাঁচ টাকায় ২০ লিটার, ওয়াটার এটিএম পরিষেবা চালু জঙ্গিপুরে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: পুরসভার নলবাহিত জল এলাকায় সঠিকভাবে পৌঁছয় না। এদিকে গ্রীষ্ম পড়তেই পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে জঙ্গিপুর শহরে। এরই মাঝে সুভাষ দ্বীপ পার্কে পিউরিফায়েড ওয়াটার এটিএম পরিষেবা চালু করল জঙ্গিপুর পুরসভা। সোমবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই ওয়াটার এটিএমের উদ্বোধন করেন চেয়ারম্যান মফিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, বিরোধী দলনেতা সুবীর রায় সহ কাউন্সিলাররা। মূলত পার্কে আসা সাধারণ মানুষ, দূরদূরান্ত থেকে বনভোজন করতে আসা পর্যটকদের কথা মাথার রেখে পার্কে এই পরিষেবা চালু করা হল। ফলে স্থানীয় বাসিন্দা সহ সাধারণ মানুষ ও উপকৃত হবেন। যদিও ওয়াটার এটিএম পরিষেবার আগে এলাকায় পানীয় জল দেওয়ার দাবি তুলেছেন শহরবাসী।
Advertisement
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ইতিমধ্যেই বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে জলও ছাড়া হচ্ছে। পাশাপাশি পাঁচ টাকায় ওয়াটার এটিএম থেকে ঠান্ডা ও গরম জলের পরিষেবা মিলবে।
জানা গিয়েছে, পাঁচ টাকা কয়েন এটিএম মেশিনে ফেললেই জল পড়া শুরু হবে। পাঁচ টাকাতেই সর্বোচ্চ বিশ লিটার পর্যন্ত পরিস্রুত পানীয় জল নিতে পারলেন গ্রাহকরা। এটিএমগুলো থেকে ঠান্ডা ও গরম জল দুই -ই মিলবে। এটিএম মেশিনেই জল পরিশোধন করা হবে। মানুষ প্রয়োজন মতো জল নিতে পারবে। গ্রাহকদের সঙ্গে করে জলের বোতল বা পাত্র নিয়ে যেতে হবে। আগামী দিনে রঘুনাথগঞ্জ শহরের বাসস্ট্যান্ড, এসবিআই মোড়, অফিস পাড়া কোর্ট মোড়, নেতাজি সুভাষ দ্বীপে এই এটিএম বসবে। অপরদিকে গঙ্গানদীর পূর্বপাড়ে জঙ্গিপুরে পুরাতন বাসস্ট্যান্ডে পিডব্লুডি মাঠ সংলগ্ন রাস্তার পাশে, এসবিআই মোড়ে, রাধানগরে ও বরোজ পাঁচমাথা মোড়ে এই এটিএম বসবে। শহরের উভয় পাড়েই আপাতত দশটি এটিএমের কাজ চলছে। ধাপে ধাপে পুরসভার ২১টি ওয়ার্ডেই এই ওয়াটার এটিএম চালু হবে। জঙ্গিপুরের বাসিন্দা পবন দাস বলেন, নতুন নতুন পরিষেবা দিলে তো ভালোই, তবে এলাকায় পানীয় জলটা আগে পৌঁছে দেওয়া জরুরি। এলাকায় জল আসে না।
ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন, এলাকায় জলের সমস্যা নেই, তবে পানীয় জলের সমস্যা রয়েছে। তবে খুব শীঘ্রই শহরবাসীর কাছে জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ