Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই

পাঁচ লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শনিবার লালগোলা থানা এলাকা থেকে দুই হেরোইন কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। তাদের থেকে ২৭১ গ্রাম হেরোইন মিলেছে। ঠান্ডার কামড় বাড়তেই মুর্শিদাবাদের মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। ঘন কুয়াশার আড়ালে পুলিস ও বিএসএফের নজরদারি এড়িয়ে তারা মাদক পাচার করছে কাঁটাতারের ওপারে। তবে হাত গুটিয়ে বসে নেই পুলিস ও বিএসএফ। কখনও যৌথ অভিযানে, আবার কখনও পুলিস ও বিএসএফ আলাদাভাবে অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করছে। তবে সবসময় যে সাফল্য আসছে এমনটাও নয়। যেমন, গত শনিবার গভীর রাতে লালগোলা থানার পুলিস দেওয়ানসরাই নিমতলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ দু’জনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম ইকবাল হোসেন ও রসুল শেখ। তাদের বাড়ি লালগোলা থানা এলাকায়। ধৃতদের রবিবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয় হেরোইন কারবারিদের ক্যারিয়ার হিসেবে কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, লালগোলার কালমেঘার কোনও এক কারবারির থেকে হেরোইন নিয়ে এসে সীমান্তের অপর এক কারবারিকে পৌঁছতে যাচ্ছিল। তবে তার আগেই তল্লাশি চালিয়ে দুইজনের কাছ থেকে ২৭১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা। মাদক কারবার সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে।  লালগোলা থানার পুলিস জানিয়েছে, গোয়েন্দা সূত্র মারফত আগাম খবর ছিল, শনিবার বিকেলে দেওয়ানসরাই এলাকা দিয়ে মাদক পাচার হবে। খবর মোতাবেক ওইদিন দুপুর থেকে দেওয়ানসরাই ও সংলগ্ন এলাকায় নজরদারি শুরু হয়। গভীর রাতে দেওয়ানসরাই নিমতলা এলাকায় দুই ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। তাঁদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এরপর তল্লাশি চালাতেই পর্দাফাঁস হয়। তাদের কাছ থেকে হেরোইনের একটি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে মামলা রুজু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ