Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ কিমি বেহাল রাস্তায় ভোগান্তি, সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

পাঁচ কিমি বেহাল রাস্তায় ভোগান্তি, সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বানারহাটের কাঠাগুড়ি মোড় থেকে আলিপুরদুয়ার জেলার বান্দাপানি গ্রামপঞ্চায়েতের কালাপানি পর্যন্ত পাঁচ কিমি রাস্তার বেহাল দশা। এরফলে ওই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তেমনই বেহাল রাস্তার জন্য নানা সমস্যায় ভুগছেন বাসিন্দারা। এঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে জানালেও কোনও পদক্ষেপই করা হয় না। পৃথ্বীরাজ ব্রাহ্মণ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমি টোটো চালিয়ে সংসার চালাই। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তার পিচ উঠে গিয়েছে।  প্রতিদিন টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার জেরে অনেকেরই  হাত  পা ভেঙে দিয়েছে। আমরা চাই, দ্রুত রাস্তাটি তৈরি হোক।
Advertisement
কাঠালগুড়ি চা বাগানের ম্যানেজার দেবজ্যোতি সরকার বলেন, রাস্তার অবস্থা  ভীষণ খারাপ। কাঠালগুড়ি মোড় থেকে কালাপানি পর্যন্ত পাঁচ কিমি রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি যদি করে দেওয়া হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ উপকৃত হবেন।  তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সম্পাদক বিধান সরকার বলেন, এই রাস্তাটি যাতে তৈরি করে দেওয়া হয় সেজন্য আমরাও দলগত ভাবে প্রশাসনকে জানিয়েছি। জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী বলেন, রাস্তাটির প্রোপজাল রুরাল ডেভেলপমেন্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু হবে। 
বানারহাট থেকে কাঠালগুড়ি চা বাগান হয়ে রেতিবস্তি সহ কালাপানি পর্যন্ত প্রায় ছয়টি গ্রামের ৩০ হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে। কালাপানি আলিপুরদুয়ার জেলার মধ্যে হলেও মানুষজন বানারহাটের সঙ্গে  সম্পর্ক রাখে। কারণ, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া কাছে হলেও সেখানে যেতে হলে পরপর পাঁচটি নদী পেড়িয়ে যেতে হবে। তাই যাতায়াতের সমস্যা থাকার কারণে বানারহাটের উপর নির্ভরশীল কালাপানি এলাকার বাসিন্দারা। কিন্তু এই এলাকার রাস্তাটি খারাপ থাকার কারণে ছোট থেকে বড় সব গাড়িগুলোকে সমস্যায় পড়তে হয়। 
সম্পর্কিত সংবাদ