সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রতিযোগিতা ও আমন্ত্রণমূলক অনুষ্ঠান মিলিয়ে ডুয়ার্স উৎসবে রেকর্ড পাঁচ হাজার শিশু অংশ নেবে। ২ জানুয়ারি থেকে ১৯তম ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। চলবে ১২ তারিখ পর্যন্ত। বোড়ো জনজাতিদের নানা সংস্কৃতিমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩তারিখ ডুয়ার্স উৎসবের শিশুমঞ্চের উদ্বোধন করবেন জেলাশাসক আর বিমলা। সেদিনই সংস্কৃতি, ক্রীড়া ও পড়াশুনা ক্ষেত্রে তিনটি শিশুকে সংবর্ধনা দেওয়া হবে। গত বছর ডুয়ার্স উৎসবে ১৮০০-এর বেশী শিশু বসেআঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। এবার ৫ তারিখ দুই হাজারেরও বেশী শিশু ডুয়ার্স উৎসবের মুক্তাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছে উৎসব কমিটি। ভিড় এড়াতে সেদিন তিন দফায় বসে আঁকো প্রতিযোগিতা হবে।
Advertisement
সদ্য প্রয়াত প্রখ্যাত তবলা বাদক জাকির হোসেনকে শ্রদ্ধাঞ্জলী জানাবে ডুয়ার্স উৎসব কমিটি। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ৭ তারিখ তবলালহরী নামে শিশুদের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। শিশুদের হস্তশিল্প প্রতিযোগিতা হবে ১১ তারিখ। ওই দিনই শিশুদের ‘বই ও মুঠো ফোন’ শীর্ষক একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে। বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই শিশুরা এই প্রবন্ধ লিখতে পারবে। শেষ দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে শিশুদের নিয়ে হবে বিবেক চেতনা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ডুয়ার্স উৎসব কমিটির সাংস্কৃতিক শিশু উপ সমিতির যুগ্ম আহ্বায়ক উৎসেন্দু তালুকদার ও জয়া শীল বলেন, উৎসবে শিশুদের নিয়ে ডুয়ার্স লিটল মাস্টারশেফ প্রতিযোগিতাও থাকবে। এছাড়া এবার উৎসবে অসমের কোকরাঝাড়ের শিশু ম্যাজিশিয়ান শিল্পীর ম্যাজিকও দেখতে পারবেন দর্শকরা।



