Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ বছরের কম বয়সিদের নতুন আধার কার্ড হচ্ছে, লিঙ্ক না থাকায় সমস্যা অভিভাবকদের

পাঁচ বছরের কম বয়সিদের নতুন আধার কার্ড হচ্ছে, লিঙ্ক না থাকায় সমস্যা অভিভাবকদের
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: পাঁচ বছরের কম বয়সি বাচ্চাদের নতুন আধার কার্ড তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায়। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে ডাককর্মীরা এলাকা ভিত্তিক শিবির করে অভিভাবকদের নথি এবং বাচ্চার ছবি নিয়ে আধারের জন্য নথিবদ্ধ করছেন। কিন্তু লিঙ্ক বিভ্রাটের কারণে সমস্যায় পড়ছেন উপভোক্তারা। জানা গিয়েছে, পাঁচ বছরের নীচে যাদের বয়স, তাদের নতুন আধার কার্ড তৈরির কাজ শুরু হয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝি। এলাকার ডাক কর্মীরা এই কাজের দায়িত্বে রয়েছেন। সরকারি নির্দেশ মতো বিভিন্ন ডাকঘরে একটি নির্দিষ্ট দিনে শিবির করে সেখানে প্রয়োজনীয় নথি ও বাচ্চাকে নিয়ে ডাকা হচ্ছে। শর্ত অনুযায়ী বাচ্চার আধার কার্ডের জন্য অভিভাবকের আধার কার্ড ও বাচ্চার জন্ম সার্টিফিকেট নেওয়া হচ্ছে। সমস্ত কাজ হচ্ছে অনলাইনে। ফলে কখনও লিঙ্ক না থাকার কারণে বন্ধ হয়ে যাচ্ছে নথি জমার কাজ। 
Advertisement
করিমপুরের এক ডাককর্মী শামিমা খাতুন বলেন, প্রত্যেক ডাকঘর এলাকায় একটি শিবিরে ওই এলাকার গ্রাহকদের আসতে বলা হচ্ছে। কোথাও সত্তর বা কোথাও একশো জনের ভিড় হচ্ছে। লম্বা লাইনে দাঁড়িয়ে সকলেই নথি জমা দিচ্ছেন এবং সেই নথি কম্পিউটারে লিপিবদ্ধ করা হচ্ছে। কাজ করতে করতে বেশিরভাগ দিন আচমকা লিঙ্ক বিভ্রাট হচ্ছে এবং শেষ পর্যন্ত অপেক্ষায় থাকা অনেক গ্রাহকেরই কাজ অসম্পূর্ণ থাকছে। পরে অনেকেরই আসতে সমস্যা হচ্ছে। 
আরও জানা গিয়েছে, তেহট্ট মহকুমার অন্যান্য জায়গার সঙ্গে করিমপুর এলাকার করিমপুর, যমশেরপুর ও শিকারপুর উপ ডাকঘর ও তার অধীনে থাকা প্রায় একুশটি শাখা ডাকঘরে এই আধার কার্ড তৈরির কাজ চলছে। সব জায়গাতেই অধিকাংশ সময় লিঙ্ক সমস্যা হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। হোগলবেড়িয়ার বালিয়াশিশার বাসিন্দা মিতালি কবিরাজ বলেন, গত বুধবারে রামনগর শাখা ডাকঘরে আমাদের বাচ্চাদের আধার কার্ডের জন্য ডাকা হয়েছিল। সেদিন ষাটজন শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করার কথা ছিল। সকলের কাছে থেকে সমস্ত নথি জমা নেওয়া হয়েছিল। কিন্তু দুপুর আড়াইটের পর থেকে লিঙ্ক না থাকায় প্রায় দুই ঘণ্টা বসে থাকতে হয়েছিল। শেষে আটচল্লিশ জনের নাম লিপিবদ্ধ হলেই বাকি বারো জনকে ফিরে যেতে হয়েছে। আমার তিন বছরের ছেলের আধার কার্ডের জন্য গিয়েও সেদিন কাজ হয়নি। এখন নতুন করে আবার কবে শিবির হবে এবং ছেলের নাম নথিভুক্ত হবে সেই অপেক্ষায় রয়েছি। 
লিঙ্কের সমস্যার বিষয়ে ডাক বিভাগের এক আধিকারিক জানান, এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।      
সম্পর্কিত সংবাদ