সংবাদদাতা, তুফানগঞ্জ: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী এবং অটো-টোটোচালকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার অধীন ধলপল-নাটাবাড়ি রাজ্য সড়কের ঘাটপাড় মোড়ে। সকাল ৯টা ৩০মিনিট থেকে অবরোধ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। অবরোধে আটকে যায় যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পরবর্তীতে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
Advertisement
ধলপল নাটাবাড়িগামী প্রায় ৩ কিলোমিটার রাস্তা পাঁচবছর ধরে খারাপ। রাস্তা থেকে পিঁচের চাদর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা রাস্তায় ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে। এ ব্যাপারে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার মেটেনি। স্থানীয় বাসিন্দা দীপক বর্মন বলেন, বেশ কয়েকটি গ্রামের মানুষ ভুক্তভোগী এই রাস্তা নিয়ে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী নিয়ে যাতায়াতে সমস্যার মুখে পড়তে হয়। ভারী যানবাহন চলাচল করলে ধুলোর কারণে রাস্তায় হাঁটাই যায় না। দিনের বেলায় অটো-টোটো চলাচল করলেও সন্ধ্যায় অনেকেই এই রাস্তায় যেতে চান না। দীর্ঘদিন থেকেই আমরা রাস্তা সারাইয়ের দাবি করে আসলেও প্রশাসনের টনক নড়েনি। অটোচালক রহিদুল মিয়াঁ বলেন, রাস্তার একেবারে বিপজ্জনক পরিস্থিতি। অনেক সময় রাস্তা খারাপের জন্য দুর্ঘটনার কবলে পড়ে যায় গাড়ি। বিশেষ করে বর্ষাকালে রাস্তার গর্তে জল জমে ডোবার আকার নেয়। আমরা চাইছি, অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। তা না হলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এ ব্যাপারে তুফানগঞ্জ ১ এর বিডিও সঞ্জয় ঘিসিং বলেন, সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।



