সংবাদদাতা, উলুবেড়িয়া: কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। সেই প্রবাদ বাক্যটাই সত্যি করে দেখালেন উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ২ গ্রাম পঞ্চায়েতের ডাহুকা গ্রামের বাসিন্দা পায়েল দাস সাঁতরা। উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের কর্মী পায়েল অফিসে কাজ করার পাশাপাশি নিজের সংসার সামলে ছবিও আঁকেন। সেই সূত্রেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিলেন তিনি। একটি পোস্ট কার্ড সাইজের কাগজে ভারতের জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফল, জাতীয় ফুল সহ ১২টি জাতীয় প্রতীক এঁকে এই খেতাব জিতেছেন তিনি। তাঁর প্রতিটি ছবির মাপ ৩/৩.৫ সেন্টিমিটার। জল রং দিয়ে এমন ১২টি ছবি আঁকতে তিনি সময় নিয়েছেন ৫০ মিনিট।



