নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ ব্লকের ডোঙ্গল আলুপট্টি সর্বজনীন এবার দুর্গাপুজোয় নজরকাড়া থিম গড়েছে। থাইল্যান্ডের সাদা বৌদ্ধ মন্দিরের আদলে তাদের মণ্ডপ তৈরি করা হয়েছে। সুউচ্চ, ঝলমলে আলোকসজ্জায় সাজানো মণ্ডপ তৃতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।
পুজো কমিটির সম্পাদক উত্তম বেরা বলেন, আমরা প্রতিবছর দুর্গাপুজোয় নজরকাড়া থিম গড়ি। এবারও তার অন্যথা হয়নি। আরামবাগ, খানাকুল থেকেও বহু মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন। এবারও রেকর্ড ভিড় হবে।
কমিটির সভাপতি প্রতাপ সামন্ত বলেন, গতবছর আমরা ব্লকের সেরা পুজোর তকমা পেয়েছিলাম। এবার আরও আকর্ষণীয় মণ্ডপ হয়েছে। তাই পুরস্কার আসবে বলেই আমরা আশাবাদী।
কোষাধ্যক্ষ কৃষ্ণ আদক বলেন, বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী পুজোয় অনুদান দেওয়ায় তাঁকে কৃতজ্ঞতা জানাই। এলাকার বহু স্বর্ণশিল্পী বাইরে কাজ করেন, তাঁরা সহযোগিতা করেন। এছাড়া, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অনুদানে এই পুজো বড় হয়ে উঠেছে।
উদ্যোক্তাদের তরফে সুমন্ত ঘোষ, মধুসূদন বাগ বলেন, বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ পুজোর উদ্বোধন করেন। সত্য চট্টোপাধ্যায়, বলরাম বেরা বলেন, এবার পুজোর ৪৩তম বর্ষ। স্থানীয় শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি ও আঁকা প্রতিযোগিতা হবে।
সাদা বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ গড়তে কাপড়, বাটাম, রং, ফাইবার, বাঁশ প্রভৃতি সামগ্রী ব্যবহার হয়েছে। সাবেকি প্রতিমা থাকছে। নবমীতে কুমারীপুজো হবে। রীতি অনুযায়ী দ্বাদশীতে গ্রামের বধূরা সিঁদুরখেলার পর দ্বারকেশ্বর নদে প্রতিমা নিরঞ্জন হবে। পুজো কমিটির তরফে দুঃস্থদের সাহায্য করা হয়। এবারও অনেককে নতুন জামাকাপড় দেওয়া হয়েছে। • নিজস্ব চিত্র