নিজস্ব প্রতিনিধি, মালদহ: সাতসকালে হাসপাতালের বেড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন রোগী। অনেক খোঁজাখুঁজির পর বেলার দিকে হাসপাতাল চত্ত্বরেই মিলল তাঁর মৃতদেহ। বৃহস্পতিবার রহস্যজনক ঘটনাটি ঘটেছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত রোগীর নাম দুখি আহেরি (৪০)।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। প্রশ্ন উঠছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, শুনেছি সকালে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি নিজের বেডে ছিলেন না। পরে ওই রোগীকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, জ্বর ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে গত ৩ জুন চিকিত্সার জন্য আসেন দুখি। রাত আনুমানিক দশটা নাগাদ তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলতে থাকে। দুখি পুরাতন মালদহ থানা এলাকার শুখানদিঘির বাসিন্দা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে বেডে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরে মেল মেডিসিন ওয়ার্ড থেকে প্রায় একশো মিটার দূরে দুখিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রোগীর স্ত্রী চিন্তামণি আহেরি বলেন, বুধবার রাত এগারোটা নাগাদ আমাকে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর ছ’টা থেকে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অনেক অনুরোধ করার পর একটু বেলার দিকে নিরাপত্তারক্ষীরা আমাকে ওয়ার্ডে ঢুকতে দেন। কিন্তু ভিতরে গিয়ে দেখি আমার স্বামী তাঁর বেডে নেই। নার্সদের জিজ্ঞেস করলে তাঁরাও কোনও সদুত্তর দিতে পারেননি। বাইরে বেরিয়ে পাগলের মতো স্বামীকে খোঁজাখুঁজি করি। কিছুক্ষণ পর হাসপাতাল চত্বরেই এক জায়গায় স্বামীকে পড়ে থাকতে দেখি। তাঁকে আবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান স্বামীর মৃত্যু হয়েছে।
মালদহ মেডিক্যালে কলেজে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাতে এবং দিনে এখানে নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকেন। নার্স এবং চিকিৎসা কর্মীরাও রয়েছেন। তাঁদের সকলের চোখের সামনে দিয়ে একজন রোগী কীভাবে নিজের বেড থেকে বাইরে চলে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এপ্রসঙ্গে এমএসভিপি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তারক্ষীরা ছিলেন। তাঁদের চোখ ফাকি দিয়ে হয়তো রোগী বেরিয়ে গিয়েছিলেন।
ঘটনাচক্রে এদিনই মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে বিষয়টি তোলা হয় এবং জোর চর্চাও হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মৃত দুখির স্ত্রী ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত মৃতদেহ মেডিক্যাল কলেজের মর্গে রাখা আছে। শুক্রবার ময়নাতদন্ত করা হবে।