সংবাদদাতা, বর্ধমান: ফের গাফিলতির অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। অক্সিজেন ছাড়াই ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় মৃত্যু হল এক রোগিণীর। অভিযোগ, সোমবার রাতে অক্সিজেন সাপোর্ট ছাড়াই গুরুতর অসুস্থ এক রোগিণীকে আলট্রা সোনোগ্রাফি করাতে পাঠানো হয়। শুধু তাই নয়, ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় ওই রোগিণীকে। যার জেরে ওই রোগিণীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। মৃতার নাম আকরামা বিবি। বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি বর্ধমানের দুবরাজদিঘি এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর শ্বাসকষ্ট ক্রমশ বাড়তে থাকে। তবুও, তাঁকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ইউএসজি করাতে পাঠানো হয়। হাসপাতালের ইউএসজি বিভাগে পৌঁছেও দীর্ঘ সময় সেখানে অপেক্ষায় থাকতে হয় তাঁকে। অভিযোগ, সেখানকার এক কর্মীর গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।



