সুকান্ত বেরা, কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দু’দিনে পড়েছিল ২৮ উইকেট, যা দেখে অনেকেই ভ্রু কোঁচকাচ্ছিলেন। কেউ কেউ তো পিচ নিয়ে প্রশ্ন তুলতে ব্যস্ত। তবে ভারতের প্রাক্তন নির্বাচক তথা বাংলার রনজি জয়ী দলের ক্যাপ্টেন সম্বরণ বানার্জির স্পষ্ট কথা, ‘ব্যাটারদের ব্যর্থতার জন্য সব সময় উইকেটকে দায়ী করা ঠিক নয়। আসলে সাদা বলের ক্রিকেট খেলতে খেলতে ধৈর্য অনেক কমেছে। লর্ডসের পিচে কোনও জুজু নেই। না হলে মিচেল স্টার্ক (১৩৬ বলে অপরাজিত ৫৮) তিন ঘণ্টার বেশি সময় ব্যাট করল কীভাবে? শুক্রবার মার্করাম ও বাভুমাও দেখিয়ে দিল, টিকে থাকতে পারলেই রান আসবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এই ধৈর্যেরই অভাব ছিল। উইকেট ছুড়ে দেয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে মার্করাম ও বাভুমা অবশ্য ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে চ্যাম্পিয়ন করার জন্য দুর্দান্ত লড়ছে। কিন্তু প্রোটিয়া ওপেনার রিকেলটন বড়ই ছটপটে। দুই ইনিংসেই অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট উপহার দিয়েছে বাঁ হাতি ব্যাটার। এদের দেখে করুণা হয়। মনে হচ্ছে, আইপিএল ফাইনালের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি। আসলে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সাদা জার্সি পরে নেমে পড়েছে টেস্ট খেলতে। শরীরটাই শুধু স্থান বদল করেছে, মানসিকতায় পরিবর্তন ঘটেনি। এখনকার ব্যাটারদের উচিত রাহুল দ্রাবিড়ের ভিডিও ফুটেজ দেখা। ফ্রন্টফুটেও কীভাবে বল ছাড়তে হয়, তা ও দেখিয়েছে।’



