


সংবাদদাতা, কান্দি: ভোটের কাজে উঠিয়ে নেওয়া হয়েছে বাস। তাই কান্দি জুড়ে যাত্রী ভোগান্তি দেখা দিয়েছে। কাছাকাছি এলাকায় যাওয়ার জন্য অটো-টোটো পাওয়া গেলেও দূরপাল্লার যাত্রীদের বাসের ছাদে উঠেও যেতে হচ্ছে। এই দুর্ভোগ আরও কয়েকদিন চলবে বলে দাবি কান্দি বাস সিন্ডিকেটের। অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে ট্রেনে যাতায়াতেও সমস্যা দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল এই এলাকায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল। তার কয়েকদিন আগেই অবশ্য বাসের সংকট দেখা দিয়েছিল। যে কারণে যাত্রীরা যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন। তবে এই সমস্যা এখনও মেটেনি। বরং বেড়েছে বলেই দাবি। ভোট মিটতেই অনেকে নিজেদের গন্তব্যে যেতে গিয়ে বাসে উঠতে পারছেন না। শুধু বাস বলে নয়, অতিরিক্ত ভিড়ের জন্য টিকিট কাটার পর ট্রেনেও উঠতে পারছেন না যাত্রীরা।
সোমবার পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ শাখার সালার রেল স্টেশনে সকাল সাড়ে ন’টার ট্রেনে টিকিট কাটার পরেও প্রায় অর্ধেক যাত্রী ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। এদিন সেখানে গিয়ে দেখা গিয়েছে ট্রেন আসার আগেই কার্যত গোটা প্লাটফর্ম যাত্রীতে ভরে গিয়েছিল। সেখানে মাত্র তিন মিনিটের জন্য ট্রেন এসে থামে। ওই স্বল্প সময়ে প্রায় অর্ধেক যাত্রী ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ উগরে দেন।
সালারের তালিবপুর গ্রামের মিনাক্ষী ইয়াসমিন বলেন, যদি যাত্রী পরিষেবা না দিতে পারে তো কাউন্টার থেকে টিকিট দেওয়া হল কেন? গত তিনদিন ধরে এই অবস্থা চলছে। সালারের অপর যাত্রী সামসুল হুদা বলেন, ভোটের পরের দিন থেকেই প্রতিটি ট্রেনে ব্যাপক ভিড় হচ্ছে। যে কারণে প্রচুর যাত্রী ট্রেনে উঠতেই পারছেন না। অনেকে আগের স্টেশনে গিয়েও ট্রেনে উঠতে পারেননি।
এদিকে বড়ঞা থানার সুন্দরপুর স্টপেজে বাস থামিয়ে যাত্রীদের ছাদে উঠতে দেখা গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে বড়ঞা থানার কুলি, খড়গ্রাম থানার নগর ও শেরপুর স্টপেজেও। শেরপুরের বাসিন্দা হাসান আলি বলেন, আজ দুপুরের মধ্যে আমার কর্মস্থল শেওড়াফুলি পৌঁছানোর কথা ছিল। কিন্তু বেলা ১২টা বেজে গেলেও বাস পেলাম না। যা দু’চারটি বাস ছিল তাতেও উঠতে পারিনি।
কান্দি বাস সিন্ডিকেটের সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, আমাদের বাস সিন্ডিকেটে প্রায় ৮০টি বাস রয়েছে। এর মধ্যে নির্বাচনের কাজে এখনও ২০টি বাস নদীয়ায় রয়েছে। আরও কিছু বাস অন্যান্য জায়গায় রয়েছে। তবে দ্বিতীয় দফার ভোট মিটলে ফের মহকুমায় বাস চলাচল স্বাভাবিক হবে। ততদিন যাত্রীদের দুর্ভোগ চলবে বলেই মনে করা হচ্ছে। ভোটদান শেষে কর্মস্থলে রওনা পরিযায়ী শ্রমিকদের। সোমবার মুর্শিদাবাদের সালার স্টেশনে তোলা ছবি। -নিজস্ব চিত্র