কুলগাছিয়ার জাতীয় সড়কে বেহাল দশায় যাত্রী প্রতীক্ষালয়, অসন্তোষ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাসযাত্রীদের সুবিধার্থে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এক সময় তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। সেখানে বসার জায়গা তৈরি করা হয়েছিল। গ্রীষ্ম-বর্ষায় মানুষ সেখানে অপেক্ষা করতেন। কিন্তু বর্তমানে সেই যাত্রী প্রতীক্ষালয়টি অপরিচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। সেটি সাপ-খোপের আড্ডার জায়গা হয়েছে। অবিলম্বে যাত্রী প্রতীক্ষালয়টিকে পরিষ্কার করে আগের অবস্থায় ফেরানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

কয়েক বছর আগে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের কুলগাছিয়ার শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি। এটি নির্মাণ করেছিল পঞ্চায়েত সমিতি। বাস ধরতে আসা মানুষজন এখানে অপেক্ষা করতেন। বিশেষ করে বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই এসে দাঁড়াতেন এই প্রতীক্ষালয়ে। সেসব এখন অতীত। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। চারদিক জঙ্গল-আগাছা ঢাকা পড়েছে। ভিতরের অংশ নোংরা আবর্জনায় ভরা। দুর্গন্ধে ভিতরে যাওয়াই দুষ্কর। শুধু তাই নয়, যাত্রী প্রতীক্ষালয়ের সামনে থাকা পুলিশের কিয়স্কও মাটিতে পড়ে রয়েছে।
সাধারণ মানুষের বক্তব্য, যাত্রী প্রতীক্ষালয়টি তৈরি হওয়ার পর প্রথম কয়েক বছর রক্ষণাবেক্ষণ হলেও তারপর আর কেউ দেখভাল করেনি। বর্তমানে সেটি বেহাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিতু দাস বলেন, তৃণমূলের আমলে কিছু অপ্রয়োজনীয় কাজও হয়েছে। এই মুহূর্তে সব কিছু একসঙ্গে রক্ষণাবেক্ষণ করা সমস্যার। অগ্রাধিকারের ভিত্তিতেই রক্ষণাবেক্ষণের কাজ হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, যাত্রী প্রতীক্ষালয় নিয়ে আমাদের কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।