Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চালক বকেয়া ভাড়া চাওয়ায় টোটো জ্বালিয়ে গ্রেপ্তার যাত্রী

৫০০ টাকা দিয়ে টোটো রিজার্ভ করেও ভাড়া মেটাননি যাত্রী। যা নিয়ে টোটো চালক ও যাত্রীর মধ্যে তুমুল বচসা। এমনকী বচসা হাতাহাতিতে পৌঁছয়। সেই রোষে চালকের বাড়ির সামনে রাখা টোটোটি রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যাত্রীর বিরুদ্ধে।

চালক বকেয়া ভাড়া চাওয়ায় টোটো জ্বালিয়ে গ্রেপ্তার যাত্রী
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ৫০০ টাকা দিয়ে টোটো রিজার্ভ করেও ভাড়া মেটাননি যাত্রী। যা নিয়ে টোটো চালক ও যাত্রীর মধ্যে তুমুল বচসা। এমনকী বচসা হাতাহাতিতে পৌঁছয়। সেই রোষে চালকের বাড়ির সামনে রাখা টোটোটি রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যাত্রীর বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের অত্রী কলোনিতে। শুক্রবার রাতে ওই যাত্রীকে ধাওয়া করেন স্থানীয়রা। শনিবার সকালে সেই ঘটনার রেষ ধরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে ফের টোটো চালককে মারতে উদ্যত হয় সেই যাত্রী। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম কৃষ্ণ সরকার। বাড়ি ওই এলাকাতেই। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

সপ্তাহখানেক আগে একই এলাকার টোটো চালক দীপক বর্মনের টোটো রিজার্ভে ভাড়া নেয় কৃষ্ণ। টোটোয় করে অভিযুক্ত এক জায়গায় গিয়েছিল। তবে সেই টাকা তৎক্ষণাৎ সে দিতে পারেনি। দুই একদিনের মধ্যে ভাড়া দেবে বলে আশ্বাস দেয়। পরে ভাড়ার টাকা চাইতে গেলে যাত্রী কৃষ্ণ টোটো চালককে তা দিতে রাজি হয়নি। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় দু’জনের মধ্যে ব্যাপক বচসা ও হাতাহাতি হয়। দীপকবাবু রাতে বাড়ির সামনে টোটো রেখেছিলেন। মাঝরাতে অভিযুক্ত এসে পেট্রল ঢেলে টোটোটি পুড়িয়ে দেয় বলে অভিযোগ। টোটোটি দাউদাউ করে জ্বলতে থাকলে পোড়া গন্ধে ঘুম ভেঙে যায় দীপকবাবুর। এরপর বাইরে বেরিয়ে দেখতে পান টোটো জ্বলছে। 
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত এর আগেও এলাকায় বন্দুক নিয়ে দাপাদাপি করেছিল। দু’বছর আগে সেসময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছে পিস্তলও পাওয়া গিয়েছিল। ক্ষতিগ্রস্ত টোটো চালক দীপক বর্মন বলেন, আমি ভালোভাবেই বকেয়া ভাড়া চেয়েছিলাম। কিন্তু সে আমাকে মারধর করে। আমার টোটো জ্বালিয়ে দিয়েছে। অভিযুক্তের শাস্তি চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ