নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় বাল্যবিবাহের উদ্বেগজনক ছবি সামনে এসেছে। প্রশাসনের লাগাতার প্রচার ও একাধিক পদক্ষেপ সত্ত্বেও এই সামাজিক ব্যাধিতে পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না। পরিস্থিতির মোকাবিলায় এবার পড়ুয়াদের হাতিয়ার করে সচেতনতার প্রচারে আরও জোর দিল জেলা প্রশাসন। বিশ্ব বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শুক্রবার মেদিনীপুর শহরে বর্ণাঢ্য সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয়। একাধিক স্কুলের বিপুল সংখ্যক পড়ুয়া তাতে অংশগ্রহণ করে। মিছিল শেষে মেদিনীপুর জেলা পরিষদ হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত, অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল, নাবালিকাদের ভবিষ্যৎ এবং এই সামাজিক ব্যাধি প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিবাহ রুখতে শপথবাক্যও পাঠ করে পড়ুয়ারা। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ‘বাল্যবিবাহ রোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত জরুরি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে লাগাতার প্রচার ও সচেতনতামূলক কর্মসূচির ফলে বাল্যবিবাহের প্রবণতা কিছুটা কমানো সম্ভব হয়েছে। তবে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ২০২২-›২৩ সালের সামগ্রিক তথ্য খতিয়ে দেখে ব্লকভিত্তিক পর্যালোচনা শুরু করেছিল প্রশাসন। সেই সময় জেলায় প্রায় সাড়ে দশ হাজার নাবালিকার বিয়ের ঘটনা সামনে এসেছিল। এরপর থেকে প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে বিশেষ শিবির করে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের পাশাপাশি পুলিশও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-›২২ সালে জেলায় ৫৭টি নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হয়েছিল প্রশাসন। ২০২২-›২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮-তে। ২০২৩-›২৪ সালে ৯৯টি এবং ২০২৪-›২৫ সালে প্রায় ১৪৪টি নাবালিকার বিয়ে আটকে দেওয়া সম্ভব হয়েছিল। চলতি বছরেও বিভিন্ন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।প্রশাসনের এক আধিকারিকের কথায়, জেলার অধিকাংশ ব্লকেই বাল্যবিবাহের সমস্যা রয়েছে। তবে প্রতিবছর বাল্যবিবাহ আটকানোর ক্ষেত্রে প্রশাসনের সাফল্য বাড়ছে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে এই ধরনের বিয়েতে ইন্ধন জোগানোর অভিযোগও উঠছে।
মেদিনীপুর শহরের স্কুলপড়ুয়া সায়ন্তনী দে বলে, ‘নাবালিকা বিয়ে রুখতে আমাদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে আমরাও সচেতনতার বার্তা ছড়িয়ে দেব।’-নিজস্ব চিত্র



