মুম্বই: মুম্বইয়ের মুলুন্দে মেট্রোরেলের কাজ চলাকালীন দুর্ঘটনা। নির্মীয়মাণ পিলারের একাংশ ভেঙে মৃত্যু এক ব্যক্তির। শনিবার বিকেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পুরসভা সূত্রে খবর, এলসবিএস রোডে মেট্রো প্রকল্পের একটি পিলারের একাংশ ভেঙে একটি অটো-রিকশ এবং গাড়ির উপর পড়ে। এর জেরে গাড়িগুলির ব্যাপক ক্ষতি হয়ে। এই ঘটনায় রামধন যাদব নামে এক দমকলকর্মীর মৃত্যু হয়। এছাড়াও জখম তিনজন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। জখমদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। মুম্বই মেট্রোপলিটান আঞ্চলিক উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, মুলুন্দ দমকল স্টেশনের কাছে ওই কাজ চলছিল। দমকলকর্মীরা সেই সময় মেট্রো ব্রিজের কাছেই ছিলেন। এই ঘটনায় রাজ্যের বিজেপি জোট সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেত্রী বর্ষা গায়কোয়াড়। তাঁর প্রশ্ন, এখন মুম্বইবাসীর প্রাণ কি এতই সস্তা হয়ে গিয়েছে? যখন কোনও প্রকল্পের কাজ চলছে, তখন কীভাবে এতটা গাফিলতি হতে পারে? প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



