Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে উত্তাল সংসদ চত্বর, বিরোধীদের দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ ফের উত্তপ্ত রাজধানী। এবার সেই আঁচ সংসদ চত্বরে।

‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে উত্তাল সংসদ চত্বর, বিরোধীদের দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ
  • ৬ অক্টোবর, ২০২৬ ১২:২৩
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ ফের উত্তপ্ত রাজধানী। এবার সেই আঁচ সংসদ চত্বরে। ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার হাতে নিয়ে স্লোগান তুলতে থাকেন বিরোধী সাংসদরা। প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। এছাড়াও সেখানে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-সহ আরও অনেকেই। এরপরে তাঁরা সংসদ ভবন থেকে দিল্লির নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরেই নীতি আয়োগের অফিসের বাইরেই তাঁরা রাস্তায় বসে পড়েন রাহুল-অভিষেকরা। 

Advertisement

সাংসদ অখিলেশ যাদব বলেন, ‘এটা নতুন নয়। নির্বাচন কমিশনকে বিজেপির দলীয় কার্যালয় বানিয়ে ফেলা উচিত। ২০১৭-তে বেইমানি করেছে, ২০২২-এ বেইমানি করেছে, ২০২৪-এ বেইমানি করেছে। বাংলার নির্বাচনে যা করেছেন, কে দেখতে পাননি?’ ইউপির উপনির্বাচনেও কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেন অখিলেশ। সিপিআই-র জেনারেল সেক্রেটারি ডি রাজা বলেন, ‘জ্ঞানেশ কুমারকে যেতেই হবে। তাঁকে পদত্যাগ করতেই হবে। সাধারণ মানুষের মধ্যে বিরাট ক্ষোভ, প্রতিবাদ করছেন সকলে।’ পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধীদের কটাক্ষ করে বলেন,‘যে ব্যবস্থার উপর আপনারা প্রশ্ন তুলছেন, আপনারাও সেই প্রক্রিয়াতেই কেরালায় জিতেছেন। তাহলে সেটাও কি অবৈধ? আপনারা কর্নাটকে জিতেছেন, সেটাও কি অবৈধ? হারলেই কি অবৈধ? রাহুল গান্ধী উত্তর দিন। হারলে স্বীকার করতে শিখুন। গণতন্ত্রের অপমান করবেন না।’

আজ, মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল ১১টায় সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিল শুরু করেন বিরোধী দলের সাংসদরা। তবে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে প্রায় ১০০ মিটার দূরে অল ইন্ডিয়া রেডিয়ো ভবনের সামনে তাঁদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকানো হলে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে বিশাল পুলিশ বাহিনী! অন্যদিকে বিরোধী দলের সাংসদরা। সেখানেই ধরনায় বসেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। কেউ কেউ আবার সেই ব্যারিকেডের উপরে উঠেও স্লোগান দিতে থাকেন। আছেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হাতে থাকা প্ল্যাকার্ডে কড়া বার্তা জ্ঞানেশ কুমারকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ