নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির উত্তরপাড়ায় কলকাতার নিউটাউনের প্রকৃতিতীর্থের আদলে উদ্যান তৈরির সিদ্ধান্ত আগেই হয়েছিল। তা নিয়ে এবার চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। প্রকল্প রূপায়ণ করবে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার কেএমডিএ এ সংক্রান্ত বিশেষ বৈঠক ডেকেছে। তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের পুরদপ্তরের মুখ্য টাউন প্ল্যানারকে বিশেষ আমন্ত্রিত হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রকল্পের নকশা এবং যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করতে হচ্ছে বৈঠক। পাশাপাশি পার্কের সঙ্গে একটি আধুনিক টাউনশিপ তৈরির ভাবনাও আছে কর্তৃপক্ষের।
কলকাতার বাইরে রাজ্যের একমাত্র ল্যান্ডমার্ক এই প্রকল্পটি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় অগ্রসর হতে চাইছেন কেএমডিএ কর্তারা। ইতিমধ্যেই রাজ্যের দ্বিতীয় সর্ববৃহৎ জলের ট্যাঙ্ক ও জল প্রকল্প উত্তরপাড়ায় চালু হয়েছে। এই জলপ্রকল্পের পাশের জমিতেই প্রকৃতিতীর্থের আদলে পার্ক তৈরির সিদ্ধান্ত হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর উত্তরপাড়াজুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এবার প্রকল্প বাস্তবায়নের তৎপরতা ঘিরেও নানা মহলে খুশির সুর।
প্রসঙ্গত কলকাতার নিউটাউনে ইকো পার্ক এবং প্রকৃতিতীর্থ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়। রয়েছে থিমপার্ক, জলাশয় ইত্যাদি। নিউটাউনে মাদাম তুঁসোর মিউজিয়ামের আদলে হয়েছে মিউজিয়াম। আরও নানা বিনোদনের আয়োজন আছে এই উপনগরীতে। অন্যদিকে উত্তরপাড়ায় গঙ্গাকে এক পাশে রেখে প্রকৃতিতীর্থের আদলে পার্ক তৈরির সিদ্ধান্ত চলতি বছর নেয় পুরদপ্তর। যা রাজ্যের অন্যান্য কোনও জেলার নিরিখে প্রথম উদ্যোগ।