সংবাদদাতা, কাকদ্বীপ: স্কুলে ঠিকঠাক ক্লাস হয় না। পরিকাঠামোরও সমস্যা রয়েছে। এমনকী প্রধান শিক্ষক প্রায় সময়ই স্কুলে আসেন না। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে কুলপির মদনমোহনপুর রামচন্দ্র সর্দার বিদ্যামন্দিরে। এই বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে এক অভিভাবক পলাশ আড়ি বলেন, এটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অথচ স্কুলের প্রায় সময়ই প্রধান শিক্ষক আসেন না। যে কারণে ঠিকঠাক ক্লাস হয় না। এমনকী স্কুলের পরিকাঠামোও ভালো নয়। ছাত্রীদের শৌচাগারে ঠিকমতো দরজা লাগানো নেই। উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য কোনও আলাদা ঘর নেই। দীর্ঘদিন ধরে বিষয়টি বলেও কোনও সুরাহা হয়নি। এবার বিভিন্ন দপ্তরে জানানো হবে। স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রিশেখর চক্রবর্তী বলেন, কুলপি ব্লকের প্রত্যন্ত অঞ্চলে এই স্কুলটি। এখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। এমনকী প্রায় সময়েই ইলেকট্রিক থাকে না। এছাড়া শিক্ষকের সংখ্যাও অনেক কম। তাই অফিসিয়াল কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়। কারণ এখন সময় মতো সব নথিপত্র অফিসে জমা করতে হয়। তবে তার মাঝেও আমি স্কুল করে থাকি।



